আরিচা লঞ্চডুবি: উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা
আরিচায় ডুবে যাওয়া লঞ্চ এমভি রায়পুরা উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে বিআইডব্লুটিএ’র যুগ্ম পরিচালক (মেরিন) এমদাদুল হক উদ্ধার অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষনা দেন।
প্রবল স্রোত এবং বিশাল এলাকা জুড়ে পলি মাটির আস্তরণ পড়ার কারণে রোববার দু’বার উদ্ধার অভিযান ব্যর্থ হবার পর এ ঘোষণা দেয়া হয়।
লঞ্চটি ৩০-৪০ ফুট পানির নীচে ডুবে আছে।
উদ্ধারকারী জাহাজ রুস্তমকেও ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়ে হয়েছে।
দু’ শতাধিক যাত্রীসহ মঙ্গলবার লঞ্চটি ডুবে গেলে বুধবার রাত ১ টায় রুস্তম ঘটনাস্থলে পৌঁছে। পরদিন সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান।
গত ১৭ মে নগরবাড়ির নটাখোলা থেকে আরিচা আসার পথে বিকেল সাড়ে ৪টায় ঝড়ের কবলে পড়ে আরিচা ঘাটের অদূরে যমুনা নদীতে ২০০ যাত্রী নিয়ে এম ভি রায়পুরা লঞ্চটি ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই ২০/২৫ জন সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও বাকিদের কোন খোঁজ মিলেনি। ঘটনার তিন দিনের মাথায় ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে লাশ ভেসে উঠতে শুরু করে। এ পর্যন্ত এক মহিলাসহ ৫৭ জনের লাশ ভেসে উঠেছে।
শতাধিক অন্য যাত্রীর ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে তাদের দেহ লঞ্চের ভেতরেই আটকে আছে।
উদ্ধার অভিযান নিয়ে দীর্ঘ সূত্রিতার অভিযোগ করেছে মৃতদের স্বজনেরা। শনিবার দুপুরে নিহতদের স্বজন এবং বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করে এবং উদ্ধারকারী জাহাজ রুস্তমকে লক্ষ্য করে ইট-পাটকেল ছূঁড়ে।
এদিকে, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
