যশোরে হাসপাতাল কর্মচারীদের বেতন থেকে টাকা কেটে নেয়া হচ্ছে
আড়াই’শ শয্যার যশোর জেনারেল হাসপাতলের ১শ’ ৩৭জন কর্মকর্তা-কর্মচারীর বেতন থেকে চার শ’ টাকা কেটে নেয়া হয়েছে। এ জন্য ক্ষোভে দুঃখে অনেক কর্মচারী বেতন তুলেনি।
হাসপাতাল সূত্রে জানা যায়, উন্নয়ন খাতের ১শ’৩৭ জন কর্মকর্তা-কর্মচারীর চার মাসের বেতন বকেয়া রয়েছে। শনিবার ছিলো তাদের বেতন তোলার নির্ধারিত দিন। সেদিন কর্মকর্তা -কর্মচারীরা বেতন তুলতে গিয়ে দেখেন , হাসপাতাল তত্ত্বাবধায়কের অফিস সহকারী মোস্তাকুল ও কামাল প্রতি কর্মচারীর বেতন থেকে চার শত টাকা করে কেটে রাখছে। কর্মচারীরা কারণ জানতে চাইলে তারা বলে, বেতন ছাড় করানোর জন্য ঢাকায় সংশ্লিষ্ট অফিসে ঘুষ দিতে হয়েছে। এ পরিস্থিতিতে অনেক কর্মচারী বেতন না নিয়েই স্থান ত্যাগ করেন।
এ ব্যাপারে তত্ত্বাবধায়ক ডাঃ হাসান আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, অফিস সহকারী মোস্তাকুল ও কামাল তার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলো। সেই টাকা ফেরত দেয়ার কথা।কর্মকর্তা- কর্মচারীদের বেতন থেকে টাকা কেটে নেয়া হচ্ছে কিনা তা তার জানা নেই।
যশোর জেনারেল হাসপাতালের উন্নয়ন খাতের ১শত ৩৭ জন কর্মকর্তা -কর্মচারীর মধ্যে ৩৭ জন চিকিৎসক , ১৭জন নার্স , ১ জন নার্সিং সুপারভাইজার , ৮০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮০ জন কর্মচারী নিয়োগ পান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ রয়েছে, এদের নিয়োগ দিয়ে রাজনীতিবিদ ও কর্মকর্তারা লাখ লাখ টাকা ঘুষ আদায় করেছিল। এই অভিযোগে বর্তমান সরকার এদের নিয়োগ বাতিল করে। পরে কর্মচারীরা আইনি লড়াইয়ে জিতে চাকুরি ফিরে পান। তবে বেতন এখনো অনিয়মিত রয়ে গেছে।
