২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কসবায় টর্নেডো, অর্ধ শতাধিক লোক আহত ও পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৫টি গ্রামের ওপর দিয়ে রোববার সকালে বয়ে যাওয়া টর্নেডোতে এলাকার প্রায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬টায় টর্নেডো আঘাত হানে। এতে কমপক্ষে ১৫টি গ্রাম আক্রান্ত হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে : ব্রাহ্মন গ্রাম, মজলিশপুর, চাপিয়া, অনন্তপুর, ক্ষিদিরপুর, চান্দিশার, চন্দ্রপুর, সৈয়দাবাদ, মনকাসাইর, বাদৈর ইউনিয়নের বাদৈর গ্রাম, কসবা পৌর এলাকার শীতলপারা, চরনাল ও আড়াইবারি।

কসবা নতুন বাজারর ২০টি দোকান টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়। পল্লী বিদ্যুতের তিনটি খুটি ধ্বসে যাওয়ায় বিকেল পর্যন্ত কসবায় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল।

টর্নেডোতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে উঠতি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া তিনটি মাদ্রাসা, তিনটি স্কুল ও একটি অটো বয়লার রাইস মিল বিধ্বস্ত হয়।

স্থানীয় বন বিভাগ জানায়, কসবা এলাকায় কমপক্ষে ১১শ’ গাছ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং ব্যক্তি মালিকানাধীন অসংখ গাছ ভেঙে গেছে।

ঘটনার খবর পেয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাসক টর্নেডো ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।