২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালিতে নিবিড় গম চাষের উজ্জল সম্ভাবনা

জেলার কৃষি ক্ষেত্রে গম চাষে নতুন দিগন্ত সূচিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সময়মতো প্রশিক্ষণ, সেচ সুবিধা, প্রয়োজনীয় বীজ সরবরাহ এবং ন্যূনতম পাঁচ বছরের জন্য কৃষকদের তত্ত্বাবধান করা গেলে এক্ষেত্রে আশাতীত সাফল্য আসবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি বিশেষজ্ঞরা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 12:59 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সূত্র জানায়, শুষ্ক মৌসুমে উপকূলীয় অঞ্চলের চাষযোগ্য জমিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় প্রতিবছর প্রায় ১২ হাজার হেক্টর জমি অনাবাদি থেকে যায়।

বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে লবনাক্ত অঞ্চলের জন্য শষ্য উৎপাদন বিষয়ে গবেষণার পর গমবীজ ‘শতাব্দী‘ আবিষ্কার করে। লবনাক্ত এলাকায় এ গমবীজ পরীক্ষামূলকভাবে চাষাবাদ করে আশাতীত ফলন হয়েছে। সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন ও চর আমানউল্ল্যা ইউনিয়নের দুটি স্থানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র (এফএও) অর্থায়নে গম চাষের দুটি প্রদর্শনী প্লটের ৪ হেক্টর জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা সফল হয়েছে।

স্থানীয় উদ্যোক্তা ও চর জব্বার ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ মিয়া বিডিনিউজকে জানান, কৃষকদের প্রশিক্ষণ, সময়মতো বীজ সরবরাহ এবং সেচের জন্য টিউবওয়েলের ব্যবস্থা করা হলে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জমিতে ব্যাপকভাবে গম চাষ সম্ভব।

বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং নোয়াখালী অঞ্চলে গম চাষ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ ড. আমিন বিডিনিউজকে জানান, মাত্র ২ বার পরিমিত পানি দিলে এ গমের ফলন ভাল হয়। বোরো চাষে প্রতি হেক্টরে যে পরিমাণ পানির প্রয়োজন তার মাত্র এক চতুর্থাংশ পানি দিয়ে গম চাষ করলেও ভাল ফলন সম্ভব। তাছাড়া গমের রোগ-বালাই কম।

সম্প্রতি প্রদর্শনী প্লটে শষ্যকর্তন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহান গম চাষে সংশ্লিষ্ট স্থানীয় কৃষকদের সাথে খোলামেলা আলাপ করেন। চাষিরা তাঁকে জানান, ধানের চেয়ে গমের উৎপাদন খরচ ৪০ শতাংশ কম। অন্যদিকে গমের বিক্রয় মূল্য ধানের চেয়ে বেশী। প্রতি মণ ধানের বিক্রয় মূল্য যেখানে তিনশ টাকা সেখান প্রতি মণ গমের মূল্য পাঁচশ টাকা।

এফএও‘র টিম লিডার ও আন্তর্জাতিক গম বিশেষজ্ঞ ড. হাওয়ার্ড রোশান বিডিনিউজকে বলেন, বাংলাদেশে গমের গড় উৎপাদন হেক্টর প্রতি ২ টন। সেখানে নোয়াখালীর চরাঞ্চলে প্রতি হেক্টরে ৩ থেকে ৪ টন গম উৎপাদন সম্ভব। কারণ হিসেবে তিনি দেশের অন্যান্য উপকূলীয় অঞ্চলের চেয়ে নোয়াখালীর লবণাক্ত জমি উর্বরতা ও গম চাষের উপযোগী আবহাওয়ার কথা উল্লেখ করেন।