২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের হরতাল: পুলিশের রাবার বুলেটে লালবাগে আহত ৪

আওয়ামী লীগের ডাকে হরতাল চলাকালে শনিবার রাজধানীর লালবাগ এলাকায় পুলিশের ছোঁড়া রাবার বুলেটে চার পিকেটার আহত হয়। অন্যদিকে হরতাল সমর্থকদের ইট-পাটকেলে আহত হয় দুই পুলিশ সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 01:47 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশ কমপক্ষে ৪০ রাউণ্ড রাবার বুলেট ছোঁড়ে। হরতাল সমর্থকরাও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধানমন্ডি রাসেল স্কয়ারে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়।

এছাড়াও গ্রিন রোড এলাকা থেকে আসা মহিলা আওয়ামী লীগের একটি মিছিল রাসেল স্কয়ারের কাছে এলে পুলিশের হামলার শিকার হয়। এতে পাঁচ-ছয়জন নারী কর্মী আহত হয়।

এর আগে বঙ্গবন্ধু এভিনিউ-এ মিছিলে পুলিশের হামলায় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও তিনজন সাংবাদিক আহত হয়।

আহত নেতৃবর্গের মধ্যে মতিয়া চৌধুরী ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রয়েছেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এর সমর্থন নিয়ে আওয়ামী লীগ দলের মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বাচ্চু হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী এ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এটি দলের ডাকে দ্বিতীয় হরতাল।

শনিবার হরতালের প্রথম ভাগে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল কম লক্ষ্য করা গেছে।

বিভিন্ন বিপনী কেন্দ্রে দোকান-পাট বন্ধ ছিলো। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কোনও ক্লাস অনুষ্ঠিত হয়নি।

বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসে উপস্থিতির হার কম ছিলো।