রাজশাহীর টিকাপাড়া গোরস্থানের গাছ কেটে নিলেন ওয়ার্ড কমিশনার
মহানগরীর ২৭ নং ওয়ার্ড কমিশনার ও তার দপ্তরের সচিব টিকাপাড়া গোরস্থানের বড় ১২টি গাছ কেটে নিয়েছে। তবে গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠের আরও ৬টি বড় গাছ বৃহস্পতিবার উক্ত কমিশনার আবারও কাটতে গেলে এলাকাবাসী বাধা প্রদান করে এবং কমিশনার শেষ পর্যন্ত গাছ না কেটেই ফিরে যেতে বাধ্য হন।
এলাকাবাসী জানায়, এলাকার ওয়ার্ড কমিশনার আনোয়ারুল আজিম আজব তার লোকজন নিয়ে গত মঙ্গল ও বুধবার নগরীর টিকাপাড়া গোরস্থানের ১২টি বড় জাম ও শিশু গাছ কেটে নিয়ে যায়। এলাকার কেউ কেউ বিচ্ছিন্নভাবে বাধা প্রদান করলেও কমিশনার ও তার সচিবের কাছে তারা তেমন সুবিধা করতে পারেনি।
এদিকে, বৃহস্পতিবার খুব ভোরে ওয়ার্ড কমিশনার ও তার সচিব লোকবল নিয়ে গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানের আরও ৬টি গাছ কাটার জন্য উপস্থিত হন। এলাকাবাসী বিষযটি টের পেয়ে তাকে গাছ কাটতে বাধা প্রদান করে। ফলে বাকী গাছ না কেটেই ওয়ার্ড কমিশনার ফিরে যেতে বাধ্য হন।
কোন প্রকার টেন্ডার ছাড়াই ওয়ার্ড কমিশনার এসব গাছ কেটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ প্রসঙ্গে ২৭ নং ওয়ার্ড কমিশনার আজব বিডিনিউজকে বলেন, ‘মেয়র সাহেবের অনুমোদন সাপেক্ষে এসব গাছ কাটা হয়েছে। গাছগুলোর মূল্য বাবদ ৮ হাজার টাকা ওয়ার্ড তহবিলে জমা করা হবে এবং ওয়ার্ডের উন্নয়নে এসব টাকা ব্যয় করা হবে’।
বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বড় বড় এসব গাছের একেকটির মূল্য কমপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা হলেও, ওয়ার্ড কমিশনার মোট ১৮টি গাছ নিয়েছেন মাত্র ৮ হাজার টাকায়।
এলাকাবাসী কমিশনারের গাছ কাটার ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছে।
