২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সি প্রশংসা করেছেন কন্ডোলিসা রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ড. কন্ডোলিসা রাইস বৃহস্পতিবার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রগতিতে বিশেষ করে নারী উন্নয়নকে অভাবনীয় সাফল্য হিসেবে মন্তব্য করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 04:51 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তিনি বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রে অধিকহারে বানিজ্যিক সুযোগ সুবিধা দেয়ার ব্যাপারে বিবেচনা করার জন্য তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সাথে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এ সময় লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয়।

মার্কিন নয়া পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এটি ছিলো প্রথম বৈঠক। এছাড়া প্রেসিডেন্ট বুশের দ্বিতীয় বারের মত নির্বাচিত হওয়ার পর এটি ছিলো দুদেশের মধ্যে প্রথম কোন উচ্চ পর্যায়ের বৈঠক।

এ সময় ড. রাইস বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মানোভাবের কথা উল্লেখ করে মন্তব্য করেন যে তিনি এ ব্যাপারে নিশ্চিত যে পরবর্তী সাধারণ নির্বাচন অবশ্যই অবাধ ও নিরপেক্ষভাবেই সম্পন্ন হবে।

গণতান্ত্রিক গতিশীলতা ও আধুনিকায়নের পথে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম দেশ বলে উল্লেখ করে তিনি এর গণতান্ত্রিক প্রক্রিয়া আরো ত্বরান্বিত করতে একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। রাইস পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দৃঢ় সম্পর্ক স্থাপনে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনাকালে দুই মন্ত্রী আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে আরও কাছাকাছি আসার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান রাইসের কাছে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ করে নারী উন্নয়ন, দরিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্নতা নিয়ে বাংলাদেশের সাফল্য তুলে ধরেন।

এ ব্যাপারে তিনি ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের প্রকাশিত নারী উন্নয়নের রিপোর্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। রিপোর্টে দক্ষিণ এশিয়া এবং মুসলিম অধ্যুসিত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে দেখানো হয়েছে যেখানে এশিয়ায় চীন এবং জাপানের অবস্থান যথাক্রমে ৩৩ ও ৩৭ নং।

মোরশেদ খান বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মার্কিন সহযোগিতার প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, মার্কিন বাজারে বাংলাদেশী পণ্য বিশেষ করে তৈরী পোশাকের শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক গতিধারাকে সচল রাখতে পারে।

মোরশেদ খান আন্তর্জাতিক সন্ত্রাস দমনে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কাজ করে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দুটি দেশ এ ইস্যুতে একে অপরকে সহযোগিতা করার ব্যাপারে একমত বলে তিনি উল্লেখ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী, যুক্তরাষ্ট্রের দক্ষিন এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা, কুটনীতি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রিচার্ড বাউচার বৈঠকে উপস্থিত ছিলেন।

এম মোরশেদ খান এর আগে সকালে মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শক স্টিফেন জে হ্যাডলি’র সাথে তার ওয়াশিংটনস্থ কার্যালয়ে দেখা করেন। মোরশেদ খান হেডলির কাছে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের সকল দিক তুলে ধরেন।

হেডলি বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেন। তিনি বিশেষ করে অন্তবর্তীকালীন সরকারের প্রশংসা করে বলেন, তাদের নির্বাচনী প্রক্রিয়ার অভিনবত্বের কারনেই কোন বিশেষ দল নির্বাচনী সুযোগ গ্রহণ করতে পারেনি।