২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের বিভিন্ন বাস রুটে কমিশনের নামে চলছে চাঁদাবাজি

চাঁদাবাজির কারণে বরিশালের পরিবহন খাত যথাযথ যাত্রী পরিসেবা নিশ্চিত করতে পারছে না। দুর ও সল্প পাল্লার বিভিন্ন রুটে চলাচলকারী ১৫০ টি বাস থেকে কমিশনের নামে প্রতিদিন প্রায় অর্ধ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এসবের কোনও প্রতিকার নেই, চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে বহু শ্রমিককে ভোগান্তিতে পড়তে হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2005, 02:18 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির অধীনে বরিশাল ও পটুয়াখালির অভ্যন্তরীন ১৩ টি রুটে প্রতিদিন ১২০টি বাস চলাচল করে। বরিশাল থেকে অভ্যন্তরীন রুটে বাস ছাড়ার পূর্বে বাস মালিক সমিতির কাউন্টার থেকে বাস ও রুট ভেদে ২০-১৫০ টাকার টিকেট কাটতে হয়। একই সাথে কাউন্টারের কেরানী ও কলম্যানকে বাস প্রতি ২০/২৫ টাকা করে কমিশন দিতে হয়।

রূপাতলী বাসষ্টান্ডের ইজাদাররাও বসে নেই। তারা সমিতির সাথে যোগসাজশে বাস প্রতি ১০ টাকা নেয়ার শর্ত সত্বেও ২০-৩২০ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দুরপাল্লার গাড়ী রূপাতলী বাসষ্টান্ড ক্রস করার সময় গাড়ী প্রতি ২২০-৩২০ টাকা করে কমিশন দিচ্ছে। কমিশনের নামে এ চাদাঁবাজি চালিয়ে বাস মালিক সমিতি প্রতিদিন আয় করছে প্রায় ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুলতান মোল্লা বিডিনিউজকে জানান, চাঁদাবাজির প্রতিবাদ করতে গেলে শ্রমিকদের হয়রানি করা হয়, তাদের মামলায় ঝুলিয়ে দেয়া হয়। মালিক সমিতিই এসব করে।

তিনি আরও বলেন, মিথ্যা মামলা সংক্রান্ত কারণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণের দাবিতে শ্রমিকরা এ মাসের প্রথম সপ্তাহে বিক্ষোভ-মিছিল করে।

এ ব্যাপারে মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক, ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা জিয়া উদ্দিন শিকদার জিয়া বিডিনিউজকে বলেন, প্রতিদিন অভ্যন্তরীন রুটের ১২০টি বাস থেকে ৬-৮ হাজার টাকা উত্তোলন করা হয়। এসব অর্থ সমিতির কর্মচারীদের উন্নয়নে ব্যয় হয়।