মাদারীপুরে চরমপন্থী নিহত
জেলার সদর উপজেলার ধরাইল ইউনিয়নের চাশার গ্রামে বুধবার রাতে চরমপন্থী সর্বহারাদের গুলিতে লাবু হাওলাদার (৪৫) নিহত হয়েছে। লাবু পুলিশ অপহরণ ও হত্যাসহ একাধিক মামলার আসামী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় লাবু হাওলাদার ও তার ভাই হাবু হাওলাদর তাদের ঘরের বারান্দায় বসে ছিল। এসময় ১০/১৫ জন সশস্ত্র সর্বহারা সদস্য তাদের লক্ষ্য করে তিন/চার রাউণ্ড গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ লাবু ঘটনাস্থলেই প্রাণ হারায়। এতে তার ভাই হাবু হওলাদার (৪০) আহত হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, হত্যার পর চরমপন্থী সদস্যরা লাবুর লাশ নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ তার লাশ উদ্ধার করতে পারেনি।
পুলিশ জানায়, লাবু চাশার গ্রামের মৃত হামেদ হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে মাদারীপুর থানায় ডাকাতি, খুুন, ধর্ষণসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
চরমপন্থী দলের অন্তর্দ্বন্দ্বে লাবু নিহত হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
