২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা না থাকায় পথচারীরা অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে

গাইবান্ধা শহরে নামে মাত্র ট্রাফিক ব্যবস্থা থাকলেও কার্যক্ষেত্রে সুষ্ঠু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় যানবাহনের ভীড়ে জনসাধারণকে অহরহ দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2005, 10:18 AM

Updated : 26 Apr 2022, 05:40 PM

গাইবান্ধা জেলা শহর পূর্ব হতে একটি প্রসিদ্ধ শহর ও বন্দর হিসেবে পরিচিত। জেলার সাতটি উপজেলায় প্রতিদিন বিভিন্ন কাজে বহু লোক সমাগম হয়ে থাকে। কিন্তু শহরের ফুটপাতবিহীন ব্যস্ততম সড়কগুলোতে প্রতিমুহূর্তে যানজটের কারণে দুর্ঘটনা নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অপর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই এরকম হচ্ছে। অন্যদিকে রাস্তার দুই পাশে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান-পাট সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ।

শহরে কেবল ডিবি সাকুর্লার রোড়ের চৌমাথা, কলেজ রোড, ডিবি রোডের চৌমাথা এবং ডিসি অফিস সংলগ্ন পয়েন্টে ট্রাফিক আছে। অথচ ষ্টেশন রোড, দাশ বেকারি মোড়, পৌরসভা চৌমাথা, ষ্টেশন রোড পার্ক চৌমাথা, ব্রীজ রোডের জেলখানা সংলগ্ন চৌমাথা এবং গোরস্থান মোড়ের মত গুরুত্বপূর্ণ পয়েন্টে কোনও ট্রাফিক নেই।

এ সমস্ত এলাকা দিয়ে জেলার ৩ টি উপজেলার লোকজন এবং যানবাহন আসা-যাওয়া করে। তাই এসব এলাকায় রোড়ের চৌমাথাগুলোতে ট্রাফিকের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে।

শহরে পর্যাপ্ত রিক্সা ষ্ট্যাণ্ড নেই। ফলে সংকীর্ণ রাস্তাগুলোতে যত্রতত্র রিক্সা দাঁড়িয়ে থাকে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায়, দুর্ঘটনাও ঘটায়।