২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট বছরের শিশু ইমরানকে গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দিয়েছেন হাইকোর্ট

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যাণ্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) দায়ের করা একটি মামলায় অভিযুক্ত স্বামীবাগের আট বছর বয়সী শিশু রেদওয়ান চৌধুরী ওরফে ইমরানকে গ্রেপ্তার না করার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:39 PM

তবে বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি শামীম হাসনীন’র সমন্বয়ে হাইকোর্টের একটি বেঞ্চ ইমরানের মা রওশন আরার আগাম জামিন আবেদন না মঞ্জুর করে দিয়েছেন।

গৃহপরিচারিকা সুমিকে (১২) নির্যাতনের অভিযোগে ব্লাস্টের স্টাফ আইনজীবী জাফরুল হাসান শরিফ গত ২৮ ফেব্রুয়ারি গৃহকর্ত্রী রওশন আরা ও তার ছেলে ইমরানকে অভিযুক্ত করে সূত্রাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ব্লাস্ট চিকিৎসার জন্য সুমিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রওশন আরা ও তার ছেলে ইমরান শনিবার হাইকোর্টে হাজির হয়ে ওই মামলায় আগাম জামিনের আবেদন জানায়।

রওশন আরা তার আবেদনে উল্লেখ করেন, সুমি প্রতিদিন ইমরানকে স্কুলে নিয়ে যেত। ২৭ ফেব্রুয়ারি সুমি স্কুলে গেলে দুই মহিলা তাকে তাদের বাসায় কাজ করার প্রস্তাব দেয়। এক্ষেত্রে তারা মাসে ৪০০ টাকা বেতন দেওয়ার লোভ দেখায়। সে তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়।

পরে অপরিচিত ওই দুই মহিলা সুমিকে একটি বাসায় নিয়ে যায় এবং রওশন আরা ও তার ছেলে ইমরান তাকে নির্যাতন করে একথা বলার জন্য চাপ দেয়।

সুুমি একথা বলতে অস্বীকার করলে তারা তাকে নির্যাতন শুরু করে এবং রাজি না হলে তাকে ওষুধ দিয়ে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। পরিস্থিতির শিকার হয়ে সুমি তাদের কথা মতো ওই ঘটনা কাউকে বলেনি। এছাড়া ওই মহিলারা তাকে আদালতে নিয়ে যায় এবং পরে ছেড়ে দেয়। এ ঘটনার পর তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার বাবা-মার কাছে সে সব ঘটনা খুলে বলে। সব কিছু শুনে তার বাবা-মা আবার তাকে রওশন আরার বাসায় কাজ করার জন্য পাঠায়। সুমি ও তার বাবা-মা জাফরুল হাসানের ওই অভিযোগ সত্য নয় বলে সাক্ষ্য দেয়।

বাদীর পক্ষে অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ আবেদনে উল্লেখ করেন যে আদালত চাইলে সুমির সাক্ষ্য গ্রহণ করতে পারে।

বিচার আদালত সুমির ভাষ্য পরীক্ষা করে দেখবে বলে জানিয়েছেন আদালত।