লালমনিরহাটে পিআইবির কর্মশালা পণ্ড
সরকারদলীয় এক নেতাকে না জানিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করায় শনিবার লালমনিরহাটে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) একটি কর্মশালা পণ্ড করে দেওয়া হয়েছে।
এ সময় হামলাকারীরা পিআইবি’র মহাপরিচালক (ডিজি) ড. রেজওয়ান আহমেদ সিদ্দিকী ও প্রশিক্ষকদের অশালীন ভাষায় গালি গালাজ করে। হামলাকারীরা অংশগ্রহণকারী সাংবাদিকদেরও হুমকি দিয়ে কর্মশালা ত্যাগে বাধ্য করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবুল চন্দ্র রায় ঘটনাস্থলে যান এবং উভয়পক্ষের সাথে কথা বলেন।
তবে পুলিশ প্রহরায় ড. রেজওয়ান সিদ্দিকী দুপুর একটায় লালমনিরহাট ত্যাগ করেন।
জানা যায়, লালমনিরহাটে সাংবাদিকতা পেশার মানোন্নয়নে দীর্ঘ ৩৩ বছর বছর পর পিআইবি একটি কর্মশালার আয়োজন করে। স্থানীয় এলজিইডি মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপি এ কর্মশালায় ‘নারী ও শিশু বিষয়ক রিপোর্টিং’ বিষয়ে মোট ২০ জন সাংবাদিক অংশ নেয়ার কথা ছিল। এদের মধ্যে ১৬ জন বিভিন্ন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমের এবং চারজন ফ্রিল্যান্স নারী সাংবাদিক।
স্থানীয়ভাবে ‘বড়ভাই’ খ্যাত এক প্রভাবশালী নেতার সহযোগী যুবদল নেতা জুয়েল ও তার সহযোগীরা সাংবাদিক পরিচয়ে দুপুর ১২টায় সেখানে যায়। তারা জুয়েলকে না জানিয়ে কর্মশালার আয়োজন এবং এতে তার লোকদের সুযোগ না দেওয়ায় ডিজি রেজওয়ান সিদ্দিকী এবং প্রশিক্ষকদের অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে।
এ সময় ডিজি রেজওয়ান সিদ্দিকী আগামী আগষ্ট মাসে অন্যদের সুযোগ দেওয়ার আশ্বাস দিলেও তারা পুলিশের সামনেই সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে অশালীন আচরণ অব্যাহত রাখে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঘটনাস্থলে গেলে তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
