২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপাঁইনবাবগঞ্জের এমপি এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

জেলা সদর আসনের জাতীয় সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন ও তার স্ত্রী সদর থানা বিএনপির সভানেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে বৃহস্পতিবার চাপাঁইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 02:17 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

সূত্র জানায়, গত ২৪ এপ্রিল সাংসদ হারুনের নেতৃত্বে জেলা প্রশাসকের ব্যর্থতা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দুর্নীতি ও তাদের অপসারণের দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসুচির পাল্টা কর্মসুচি হিসেবে বৃহস্পতিবার উপরোক্ত কর্মসুচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহি®কৃত এবং একটি জালিয়াতি মামলা থেকে সদ্য জামিনপ্রাপ্ত আলহাজ্ব রফিকুল ইসলাম, জামাত নেতা ও জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা সেতাউর রহমান, মাইনুল মেম্বার, সাবেক ছাত্র নেতা লোকমান আলী।

স্মারকলিপিতে সাংসদ হারুন ও তার স্ত্রী পাপিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দান, টেণ্ডারবাজি, চাঁদাবাজী, মিথ্যা মামলায় জড়িয়ে নিরীহ মানুষকে হয়রানিসহ ২৬টি দুর্নীতির কথা উল্লেখ করা হয়।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের বর্তমান প্রশাসককে সর্বকালের শ্রেষ্ঠ ও সৎ প্রশাসক বলেও উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে জেলা ও দায়রা জজ মিয়াজ উদ্দীনকে সাংসদ হারুনের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে বলা হয়, বিচার বিভাগে সাংসদ হারুন হস্তক্ষেপ করে বিচার বিভাগকে কলংকিত করেছে। তার কথায় জেলা ও দায়রা জজ জামিন মঞ্জুর না নামঞ্জুর এবং জেল ও খালাস দেন। হারুন ও পাপিয়ার অবৈধ তদ্বিরের কারণে জেলা ও দায়রা জজকে এখনও বদলি করা হয়নি।

এদিকে, সাংসদ হারুনুর রশিদ এবং বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বিডিনিউজকে বলেন, তাদের বিরুদ্ধে যে সমাবেশ এবং কর্মসুচি পালন করা হয়, তাতে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল বিভিন্ন মামলার আসামী। জেলা প্রশাসনের সঙ্গে গোপন আঁতাতের ভিত্তিতে এ কর্মসুচি পালন করা হয়েছে বলে তারা জানান।