যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার উত্তরপত্র হারিয়েছে
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার দু শ পরীক্ষার্থীর উত্তরপত্র হারিয়ে গেছে।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমীরুল আলম খান বিডিনিউজকে জানান, বোর্ড থেকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য ২৩ এপ্রিল বস্তায় করে খান পরিবহনের একটি বাসে খুলনা নেওয়া হচ্ছিল। পথে খুলনার ফুলতলা বা যশোরের নওয়াপাড়া এলাকায় ব্যাগটি খোয়া যেতে পারে।
এদিকে উত্তরপত্র হারানোর ঘটনা জেনে পরীক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বললে তারা জানায়, বোর্ডের এই অসর্তকতার দায়ভার কে নেবে?
যশোর শিক্ষা বোর্ডর চেয়ারম্যান এবিএম সাত্তার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
