২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থী নেতা হত্যার বদলা নিতে কুষ্টিয়ায় ২ ব্যবসায়ীকে খুন

সদর উপজেলার ভাদালিয়া বাজারের কাছে বুধবার গভীর রাতে চরমপন্থীরা দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2005, 03:09 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নিহতরা হলেন ভাদালিয়া বাজারের হোটেল ব্যবসায়ী আলী আহমেদ (৪২) ও বাদশা (২০)।

হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলের অদূরেই সন্ত্রাসীদের ধরতে পুলিশি ‘ধরপাকড়’ অভিযান চলছিল বলে স্থানীয়রা জানায়।

নিহতদের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র সন্দেহ করছে, ক্রসফায়ারে চরমপন্থী দলের নেতা ও সদস্যদের হত্যার বদলা নিতেই চরমপন্থীরা এ হত্যাকাণ্ড ঘটায়।

পুলিশ ঘটনাস্থলে লাশের পাশ থেকে দু’টি চিরকুট উদ্ধার করেছে। এতে গণমুক্তি ফৌজ নামে একটি সংগঠন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আলী আহমেদকে (৪২) তার জিয়ারিখী ইউনিয়নের বাড়ি থেকে চরমপন্থী দলের সদস্যরা অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। একই সময়ে পার্শ¦বর্তী আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের বাদশাকেও (২০) তারা একই স্থানে নিয়ে যায়।

তাদের দু’জনকে ভাদালিয়া বাজার সংলগ্ন প্রধান সড়কে কাছে  মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

উদ্ধার করা চিরকুটের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, এতে লেখা রয়েছে- ‘গণমুক্তি ফৌজ, কুষ্টিয়া, জাহিদ মাস্টারকে ধরিয়ে দেওয়ার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো’।

জাহিদ মাস্টারকে গত ২৩ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। এর পরদিন ভোরে পুলিশের সাথে তার সহযোগীদের গুলিবিনিময়কালে ক্রসফায়ারে জাহিদ মাস্টারের মৃত্যু হয়।