কলকাতায় আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় আফতাব আনসারী দোষী সাব্যস্ত
কলকাতায় আমেরিকান সেন্টারে ২০০২ সালের জানুয়ারিতে হামলা চালানোর ঘটনায় দুবাইভিত্তিক সন্ত্রাসী ডন আফতাব আনসারীকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করেছেন কলকাতার এক আদালত।
ঘটনার প্রধান আসামী আনসারীকে নরহত্যা, ষড়যন্ত্র এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য দায়ী করা হয়েছে। মামলায় আরও ছয় আসামীকে দোষী সাব্যস্ত এবং দুইজনকে অব্যাহতি দেয়া হয়। দোষী সাব্যস্তরা হচ্ছে- জামালউদ্দিন নাসের, রেহান আলম, আদিল হাসান, মুশারাত হোসেন, হজরত আলম এবং শাকির আক্তার। এরা সকলেই পলাতক রয়েছে। দিলীপ প্যাটেল এবং শাকির মল্লিকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাসুদেব মজুমদার আগামী বুধবার মামলার পূর্নাঙ্গ রায় ঘোষণা করবেন।
ওই হামলার ঘটনায় আফতাব আনসারী ও অন্য ১২ জনকে চার্জশীটভুক্ত আসামী করা হয়। মামলা চলাকালে মোট ১২৩ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
কলকাতার আমেরিকান সেন্টারের সামনের ফুটপাথে ২০০২ সালের ২২ জানুয়ারি অভিযুক্ত আসামীরা মোটরবাইক থেকে গুলিবর্ষণ করলে পাঁচজন পুলিশ নিহত হয়। তবে ওই ঘটনায় কোনও আমেরিকান নাগরিক হতাহত হয়নি।
