২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৭ লাখ টাকা করে ক্ষতিপূরনের দাবি

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ১৪টি মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত জোট সোমবার বিজিএমইএ’র প্রতি সাভারে গার্মেন্টস ভবন ধসে নিহতদের প্রত্যেক পরিবারকে ৭ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এছাড়াও শ্রমজীবী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জোট সুশীল সমাজ ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি স্থায়ী মনিটরিং সেল গঠনের দাবি জানায়।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএ’র নেতৃবৃন্দের সাথে এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জোটের নেতারা এ দাবি জানান। সমিতি’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এ সালাম সভায় সভাপতিত্ব করেন।

সাভারে ফ্যাক্টরি ধসের ঘটনাকে ‘জাতীয় বিপর্যয়’ ও ‘ফ্যাক্টরি মালিক ও বিজিএমইএ-এর চরম অবহেলা’ বলে উল্লেখ করে মানবাধিকার নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংগঠনটির কর্মকাণ্ড পর্যালোচনা ও এর সদস্যদের ক্রাইটেরিয়া যাচাই করে দেখার দাবি জানান।

গত ১১ এপ্রিল সাভারের পলাশবাড়িস্থ ৯তলা বিশিষ্ট গার্মেন্টসভবনটি ধসে পড়লে কয়েকশ’ শ্রমিক এতে চাপা পড়ে। উদ্ধারকর্মীরা সপ্তাহকালের বেশী সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে সরকারি হিসেব অনুযায়ী ৬১টি মৃতদেহ উদ্ধার করেন এছাড়া ৮৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ফোরামের সদস্য সংগঠন আইন ও শালিশ কেন্দ্র’র সুলতানা কামাল বলেন, ১৮৫৫ সালের মারাত্মক দুর্ঘটনা আইন অনুযায়ী আমরা নিহত প্রতিটি শ্রমিকের পরিবারের জন্য ৭ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছি।

পক্ষান্তরে সমিতি নেতা এমএ সালাম ১৯৬৫ সালের কারখানা আইনের ধারা উল্লেখ করে বলেন, আইনানুযায়ী প্রতিটি নিহত শ্রমিকের পরিবার ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ পায়। তবে, তার ভাষায়, মানবিক দৃষ্টিকোণ থেকে বিজিএমইএ নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সালাম আরো জানান, বিজিএমইএ সাভার দুর্ঘটনার তদন্ত করছে এবং আগামী ৩০ এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করা হবে।

এছাড়াও বিজিএমইএ ধসে পড়া কারখানাটির কাঠামো নকশা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বিষয়েও তদন্ত চালাবে, জানান এমএ সালাম।

সাভার দুর্ঘটনাকে দেশের তৈরি পোশাক শিল্পের জন্য একটি বড় ধরনের আঘাত বলে উল্লেখ করে বিজিএমইএ নেতা মানবাধিকার নেতৃবৃন্দকে নিশ্চিত করেন এ ধরনের হত্যাকাণ্ডের জন্য দায়ী কোন মালিককের পক্ষেই তারা কখনো দাঁড়াবেন না।

বৈঠকের ফলাফল কি হলো? এমন এক প্রশ্নের জবাবে এমএ সালাম সাংবাদিকদের বলেন, আমরা সমস্যা সমাধানে কি করা যেতে পারে সে ব্যাপারে নেতৃবর্গের পরামর্শ নিয়েছি এবং শ্রমিকের নিরাপত্তা রক্ষায় একযোগে কাজ করতে সম্মত হয়েছি।

ফোরামের অন্যান্যের মধ্যে বৈঠকে উপস্থিতি ছিলেন ব্ল্যাস্টের তসলিমুর রহমান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি’র সালমা আলী, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি- বেলা’র রিজওয়ানা হাসান, সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট-এর মাহফুজ উল্লাহ, ইনসিডিন-এর নাসিমুল হাসান, জাতীয় নারী জোটের আফরোজা হক রিনা, উবিনিগ-এর শাহীনূর বেগম, কর্মজীবী নারীর শিরীন আখতার ও নারী সমাজের রোকেয়া রফিক।