রাজধানীতে ২ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী খুন
রাজধানীর রামপুরায় দুস্কৃতকারীরা গুলি করে ও আগুনে পুড়িয়ে সোমবার দুপুরে নৃশংসভাবে হত্যা করেছে দু জন ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীকে।
এ ঘটনায় কামাল হোসেন রতন (৩০) নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ত্রাসী হামলায় নিহতরা হলো- সায়েম রহমান ওরফে মিঠুন (৩৩) এবং শহীদুল ইসলাম (৩৫)। দু জনই রামপুরার ক্রিস্টাল ক্যাবল নেটওয়ার্ক’র অংশীদার ছিল।
পুলিশের ধারণা, ব্যবসায়িক কোন্দলের জের ধরে এই দুই ব্যবসায়ীকে হত্যা করা হতে পারে।
হাসপাতালে চিকিৎসাধীন রতন সাংবাদিকদের জানান, দুপুর পৌনে দুটোয় ছয়-সাত জন সশস্ত্র সন্ত্রাসী রামপুরার বনশ্রী প্রজেক্টের ৩৫/৫/এ নম্বর প্লটের ক্যাবল নেটওয়ার্ক অফিসে ঢুকে তাদের লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে।
এক পর্যায়ে অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। গুলিতে মিঠুন ও শহীদুল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এসময় সন্ত্রাসীরা মিঠুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। দু জনের মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়।
নিহত দু জন ছাড়াও ক্রিস্টাল ক্যাবল নেটওয়ার্কের আরও তিনজন অংশীদার রয়েছে বলে রতন জানান।
ঘটনার পর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
