সাংবাদিকরা আমার বন্ধু: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামন বাবর বলেছেন, সাংবাদিকদের আমি প্রতিপক্ষ মনে করি না। তারা আমার বন্ধু।
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সভার উদ্বোধনী পর্বে সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ সব চাইতে বড়। সাংবাদিকদের উচিত হবে দেশ তথা জাতীয় স্বার্থকে বড় করে দেখা।
তিনি বলেন, আমাদের রাজনীতিতে বিরোধী দল সরকার’র সমালোচনা করে। আবার সরকার পক্ষও বিরোধী দল’র সমালোচনা করে। এটাই গণতান্ত্রিক রীতি। কিন্তু যখনই দেশের স্বার্থের প্রশ্ন আসবে, তখন সবাইকে এক হতে হবে।
ক্র্যাব সভাপতি ফখরুল আলম কাঞ্চনের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল করিম। স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাব’র সাধারণ সম্পাদক হারুন উর রশিদ।
