২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিমের বিরুদ্ধে হাইকোর্টের সমালোচনা

একটি ডাকাতি মামলায় ছয় মাসের শিশু হৃদয়নাথকে জামিন না মঞ্জুর করে তার মায়ের সাথে জেল হাজতে প্রেরণে উচ্চ আদালত শনিবার চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আলী নূরকে ভৎর্সনা করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

ম্যাজিস্ট্রেট আলী নূর, মামলাকারী হাজি মোহাম্মদ শামিরুদ্দিন এবং তদন্তকারী কর্মকর্তা জাহিদুল ইসলামকে প্রায় আধঘন্টা হাত জোড় করে হাইকোর্ট বেঞ্চের সামনে দাঁড়িয়ে থাকতে হয়।

বিচারপতি একে বদরুল হক ও বিচারপতি ফজলুর রহমান ম্যাজিস্ট্রেট এবং তদন্তকারী কর্মকর্তাকে মুক্তি দিয়ে আগামী ২৩ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

চট্টগ্রামের নন্দন কানন গোলাপশাহ রোডের হাজি শামিরুদ্দিন গত ১ ফেব্রুয়ারি কোতয়ালী থানায় সাগরনাথ, হৃদয় নাথ, দুর্জয় নাথ এবং বিজয় নাথসহ তাদের মা বাবাকে আসামী করে একটি ডাকাতি মামলা দায়ের করে। এ ঘটনাটি জাতীয় দৈনিকগুলোর শিরোনাম হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ওই চার শিশু তাদের মা বাবার সাথে চট্টগ্রাম মহানগর মূখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়।

হাইকোর্ট গত ২ এপ্রিল চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আলী নূরকে ছয় মাসের শিশু হৃদয় নাথকে জামিন না দিয়ে তার মা মিনতি নাথের সাথে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়ায় তার আইনি ক্ষমতা কেন কেড়ে নেয়া হবে না এই মর্মে কারণ দর্শানোর নির্দেশ দেন।

আলী নূরের পক্ষে ড. রফিকুর রহমান, জাহিদুল ইসলামের পক্ষে এ্যডভোকেট নাজমুল হক এবং হাজি মোহাম্মদ শামিরুদ্দিনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন।