২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলিবিলিময়, ৫ পুলিশ ও ২ সন্ত্রাসী আহত

জেলার সদর উপজেলার ঢালান গোপালপুর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে পুলিশের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়কালে ২ সন্ত্রাসী এবং পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। পুলিশ আহত সন্ত্রাসীদের চরমপন্থীদলের সদস্য নয় বলে অবহিত করেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে তারা উক্ত এলাকার সন্ত্রাসীদের আস্তানা ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালালে পুলিশ ও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় গোপালপুর গ্রামের লতিফ (২৭) ও দুলালকে (২৫) পুলিশ গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৩ রাউণ্ড গুলিসহ একটি বিদেশী রিভলভার উদ্ধার করেছে পুলিশ।

আহত অবস্থায় তাদেরকে পুলিশি প্রহরায় প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

অপর এক ঘটনায়, পুলিশ ২০ মার্চ দাইন্যার শ্যামারঘাট এলাকায় চরমপন্থী দলের নেতা শামীম ও সহযোগী সাহাবুদ্দিনকে কে গ্রেপ্তার করে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে বের হয়। পুলিশ ৫ রাউন্ড গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীমের সহযোগীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। পালানোর সময় পুলিশের গুলিতে শামীম ও সাহাবুদ্দিন আহত হয়। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৫ পুলিশ আহত হয়।

স্থানীয়রা জানায়, এরা নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির (এমএল) সদস্য। তারা এলাকায় একের পর এক হত্যাকান্ড ঘটাচ্ছে। এদের ভয়ে অনেকেই গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নিয়েছে। এদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

গ্রামবাসীরা জানায়, এলাকায় ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটলেও তারা কোন শব্দ শুনতে পায়নি।