২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেখকের সত্ত্বাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে আইএফজে

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিষ্ট (আইএফজে) গণমাধ্যমের বিষয়সূচিতে গুণগত মান ও বৈচিত্র্য নিশ্চিতকরনের জন্য আন্তর্জাতিক নীতি প্রণেতাদের প্রতি আহবান জানিয়েছে। শনিবার ইউনেস্কো বিশ্ব কপিরাইট দিবসে এ আহবান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

আইএফজে বলেছে, বিশ্বায়ন, যোগাযোগ বিপ্লব, এবং নির্ভরযোগ্য তথ্যের জন্য লাখ লাখ মানুষের আগ্রহের এই যুগে লেখকের সত্ত্বাধিকার রক্ষার বিষয়টিকে উপেক্ষা করা চলে না।

তথ্য সার্ভিস বিশেষ করে সংবাদ ও আলোকচিত্র সংক্রান্ত কাজের ক্ষেত্রে গুণগত মান ও বৈচিত্র্য নিশ্চিতকরণের ক্ষেত্রে তিনটি পর্যায়ে কাজ করার প্রয়োজনের ওপর জোর দিয়েছে আইএফজে। বিষয়গুলো হল:

এক. সংশ্লিষ্ট দেশের সরকার লেখক সত্ত্বাধিকার রক্ষার মধ্য দিয়ে সৃজনশীল ব্যক্তিদের সহযোগিতা করবে।

দুই. লেখক-সাংবাদিকদের ওপর প্রকাশক-সম্প্রচার কর্তৃপক্ষের ভয়-ভীতি প্রদর্শন ও বল প্রয়োগ বন্ধ হওয়া চাই।

তিন. কোনও সৃজনশীল কাজের পুনর্ব্যবহারের ক্ষেত্রে এর ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকতার ক্ষেত্রে সততা রক্ষার নৈতিক অধিকার দিতে হবে।

ব্রাসেলসে ইস্যুকৃত আইএফজের বিবৃতিতে বলা হয়, নতুন নতুন আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে অবশ্যই এসব লক্ষ্য বিবেচনায় রাখতে হবে।

এতে আরও বলা হয়, সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধির বিষয়টিকে কোনও মতেই আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তিগুলোর তুলনায় কম গুরুত্ব দিয়ে দেখা উচিত নয়। আইএফজে আরও বলেছে, সৃজনশীলদের সহযোগিতায় এবং লেখক সত্ত্বাধিকার নিশ্চিতকরণে সদস্যদেশগুলোর অঙ্গীকারাবদ্ধ হওয়ার এখনই উপযুক্ত সময়।