২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ: প্রথম বর্ষে (অনার্স) ভর্তি প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম

সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের, ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে, প্রথম বর্ষের (অনার্স) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি ফরম ছাত্রদলের ক্যাডাররা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

জানা গেছে, গত ১৮ এপ্রিল ১২ টার দিকে কলেজের ভর্তি ফরম বিতরণকালে শিক্ষকদের কাছ থেকে প্রায় ৩/৪শ ফরম ক্যাডাররা ছিনিয়ে নিয়ে যায়। এতে মেধাতালিকার প্রথম দিকে অবস্থান করার পরও সাধারণ ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারছে না। স্ব স্ব ডিপার্টমেন্টের প্রধান এবং অধ্যক্ষের কাছে গিয়েও কোনও লাভ হয়নি বলে জানায় সাধারণ ছাত্র-ছাত্রীরা।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ গাজীউর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি ভর্তি ফরম ছিনিয়ে নেওয়ার ঘটনা স্বীকার করে বলেন, ফরমগুলো ছিল স্বাক্ষরবিহীন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ছাত্রদলের ক্যাডাররা তাদের দলীয় ছাত্রদের ভর্তির জন্য কয়েকশ ফরম নিয়ে গেছে, কিন্তু আমরা নিরুপায়, মুখ খুললে মার খেতে হবে।

মেধা তালিকায় প্রথমদিকে আছে এমন বেশ কিছু ছাত্র-ছাত্রী জানায়, আমরা ভর্তি পরীক্ষায় যোগ্যতা অর্জন করেও ফরম না পেয়ে অধ্যক্ষ স্যারের সাথে সাক্ষাৎ করলে তিনি বলেন, তোমরা ঠিক সময়ে আসনি, তাই ফরম অন্যদের দিয়ে দেওয়া হয়েছে।

কলেজের ছাত্র সংসদের ভিপি মিলন এবং জিএস হাবিব বিডিনিউজকে জানায়, আমরা রাজনীতি করি, দু/চারটা ফরমতো আমাদের প্রয়োজন। নতুবা দল করবো কি দিয়ে? তবে তারা ফরম ছিনিয়ে নেওয়ার ঘটনা অস্বীকার করে।

বাংলা বিভাগের অধ্যাপক এস এম রেজাউল করিম জানান, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে বৈঠক করে পাঁচটি বিভাগে ভর্তি পরীক্ষা আপাতত বন্ধ রেখে বাকী বিভাগগুলোতে ভর্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সাধারণ ছাত্র-ছাত্রী ও অবিভাবকগণ কলেজে ভর্তির পর নিরাপত্তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।