গাইবান্ধায় আবারও কালবৈশাখীর ছোবল, টর্নেডো বিধ্বস্ত এলাকায় বিক্ষোভ মিছিল
গত মাসের টর্নেডোর ক্ষতি কাটিয়ে ওঠার আগেই রোববার রাতে গাইবান্ধা সদর থানা, ও পৌর এলাকা এবং ফুলছড়ি উপজেলার তিনটি ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে একজন নিহত এবং আরও ৫০ জন আহত হয়। এছাড়াও পাঁচ শতাধিক বাড়িঘর ও প্রায় আড়াইহাজার গাছপালা বিধ্বস্ত হয়।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌর এলাকার মুন্সিরপাড়ার মনোয়ার হোসেন মন্টু (৫৫) নিহত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া, পুলবন্দি, রাধাকৃষ্ণপুর, লক্ষ্মীপুর ইউনিয়নের সর্দারটারী, মানাসের পড়া, লেংগাবাজার, মৌজামালিবাড়ী, কুপতলার চাপাদহ ও দুর্গাপুর, ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া এবং পৌর এলাকার মুন্সিপাড়া, বানিয়ারজান, সর্দারপাড়া, ডেভিড কোম্পানি পাড়ার ঘাঘট নদীর বাঁধ সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়।
অন্যদিকে, গাইবান্ধার সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া গত ২০ মার্চের প্রলয়ংকরী টর্নেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সোমবার খাদ্য ও পুনর্বাসনসহ ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে ৪ ঘন্টা অবস্থান ধর্মঘট পালনের পাশাপাশি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
পরে ধোপডাঙ্গা ইউনিয়ন পরিষদের চত্তরে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার আদায় সংগ্রাম কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, টর্নেডোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রধানমন্ত্রী ঘোষিত পুনর্বাসন ও সাহায্য প্রদান কর্মসূচি ২৩ দিনেও বাস্তবায়ত হয়নি।
কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দ সমাবেশে সভাপতিত্ব করেন।
