২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে পাঠানোর নামে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ

বিদেশে পাঠানোর কথা বলে সাড়ে চার লাখ টাকা আত্মসাৎ করেছে ভূয়া এক আদম ব্যাপারী। উপরন্তু, টাকা ফেরত চাওয়ায় মিথ্যা মামলায় দু‘জনকে জেলে পাঠিয়েছে ঐ প্রতারক।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 10:20 AM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ঘটনাটি ঘটেছে খুলনা জেলায়। ভূক্তভোগীরা খুলনা জেলা প্রশাসকের নিকট এ ব্যাপারে বিচার চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন।

জানা যায়, নগরীর সোনাডাঙ্গা থানার নবপল্লীর মুক্তাদি লেনের আব্দুল লতিফ খান  সৌদি আরবে পাঠানোর কথা বলে তিনজনের কাছ থেকে দেড় লাখ করে মোট সাড়ে চার লাখ টাকা নেয়। এ কাজে তার সহযোগী হয়েছে ঢাকার আদাবর বাজারের মো. সুলতান আহমেদ।

তারা চলতি বছরের ১৪ জানুয়ারির মধ্যে আবু সাইদ মুকুল, আজহারুল ইসলাম ও নূরুল আলমকে সৌদি আরবে পাঠানোর কথা বলে। কিন্তু আজ পর্যন্ত তারা সৌদি আরবে যেতে না পারার কারণে আদম ব্যাপারীদের কাছে টাকা ফেরত চায়।

কিন্তু টাকা ফেরত চেয়েও ঝামেলায় পড়েছে তারা। জানা গেছে, টাকা চাওয়ার কারণে প্রতারক সুলতানের স্ত্রী শাহিদা ক্ষিপ্ত হয়ে তিন ভূক্তভোগীর বিরুদ্ধেই মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠিয়েছে।