২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঙালীর নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন বৃহস্পতিবার

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশসহ সারা বিশ্বে বাঙালীরা ১৪১২ বাংলা নববর্ষ উদ্যাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

নববর্ষ উদযাপন অনুুষ্ঠানে ২০০১ সালের মতো বোমা হামলা বা অন্য কোনও অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটতে পারে, সেজন্য রমনা পার্কের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুরো রমনা পার্ক জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার কারণে উৎসবের আমেজ বিনষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সাভার ট্রাজেডির কারণেও বর্ষবরণ অনুষ্ঠান জাঁমজমকপূর্ণ নাও হতে পারে।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রেসিডেন্ট অধ্যাপক ড. অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা জনগণকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী প্রদান করেছেন।

রাষ্ট্রপতি বলেন, নতুন বছরে আমাদের পুরনো বিভেদ ভুলে গিয়ে নিজেদের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।

পাহাড়ি জনগণের বৈসাবি উৎসবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, একই সময়ে পয়লা বৈশাখ ও বৈসাবি উৎসব জাতিকে ঐক্যবদ্ধ করতে শক্তিশালী ভূমিকা রাখবে এবং এর ফলে সাংস্কৃতিক বৈচিত্র্য আরও উন্নত হবে।

শেখ হাসিনা বলেন, বাঙালী সংস্কৃতি, ঐতিহ্য, গান, চিত্রকলা ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির হুমকি, নির্যাতন, নিপীড়ন ও প্রচারণার মধ্যেই চলে এসেছে নতুন একটি বছর।

এসবের বিরুদ্ধে তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মুঘল সম্রাট আকবর কর আদায়ের সুবিধার জন্য বাংলা বষপঞ্জি প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী ও দোকানীরা হালখাতার আয়োজন করে থাকে।

নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া নববর্ষ উদযাপন করতে রাজধানীর রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামবে।

প্রতিবছরের মতো এবারও দিনের শুরুতে বর্ষবরণ অনুষ্ঠানের প্রধান অনুষ্ঠান হবে রমনা বটমূলে। 

ব্যাপক পুলিশী নিরাপত্তার মধ্যেও ছায়ানট তাদের ঐতিহ্যগত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

নতুন এ দিনটি উদ্যাপন করতে দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীগণ প্রখ্যাত কবি শামসুর রাহমানকে প্রধান করে ১০০১ সদস্যের ‘পয়লা বৈশাখ উদযাপন জাতীয় পরিষদ’ গঠন করেছেন।

পরিষদ সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধানমন্ডির রবীন্দ্র সরণী পর্যন্ত বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজন করবে।

সকাল ৭টায় আওয়ামী লীগ বাহাদুর পার্ক থেকে এক শোভাযাত্রা আয়োজন করবে। রমনা বটমূলে গিয়ে এটি শেষ হবে। দলের  নেতাকর্মীরা এতে অংশ নেবেন।

দিবস উদযাপন করতে ব্রিটিশ কাউন্সিলও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে  ১৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের প্রখ্যাত চিত্রশিল্পীদের নির্মিত ভাস্কর্য প্রদর্শনী। বুধবার এ পদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর লাঠিখেলা ও লোক সংগীতের আয়োজন করা হয়।