সাভার-ট্রাজেডি: এ পর্যন্ত ৩৩ জনের মৃৃতদেহ উদ্ধার, শতাধিক নিখোঁজ শ্রমিককে খুঁজে ফিরছে স্বজনরা
সাভারের বাইপাইলে বহুতল গার্মেন্টস ভবন-ধ্বসে পড়ার ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত উদ্ধারকৃত মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩৩ এ। উদ্ধার করা হয়েছে আরও একশ আহত শ্রমিক। তবে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া দেড় শতাধিক শ্রমিকের ভাগ্য এখনও অজানা।
ধ্বংসস্তুপ সরানো কাজের গতি খুবই মন্থর এবং শতকরা ৮০ ভাগ উদ্ধারকাজ এখনও বাকী ।
এদিকে, মঙ্গলবার রাতে র্যাপিড একশন ব্যাটলিয়ন (র্যাব) সদস্যদের উদ্ধার তৎপরতা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে, সেনাবাহিনী, দমকল বাহিনী, পুলিশ এবং শ্রমিকরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ কর্মীদের আত্মীয়-স্বজনরা সোমবার সকাল থেকে ধ্বংসস্তুপের চারদিকে অধির আগ্রহ এবং আশঙ্কা নিয়ে অপেক্ষা করছে। তারা বিভিন্ন হাসপাতালে ঘুরে ফিরছে যদি কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায় সেই আশায়।
আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), এনাম মেডিকেল কলেজ, এপোলো হাসপাতাল এবং রাবেয়া ক্লিনিক সহ সাভারের বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।
ঢাকা রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) কাছে নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশে বাইপাইল এলাকার ৮-তলা বিশিষ্ট স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরিতে দুর্ঘটনার সময় প্রায় ৫০০ নারী ও পুরুষ কর্মরত ছিল। দেশের ইতিহাসে এ ভয়াবহ গার্মেন্টস দূর্ঘটনায় মহিলাসহ অসংখ্য মানুষের মৃত্যু হয়।
আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাজে খুব একটা অগ্রসর হতে পারছে না।
