সাভারে নিখোঁজদের স্বজনের আহাজারি: ক্রমেই বাড়ছে ভিড়
সাভারে গার্মেন্টস দুর্ঘটনায় হতাহতদের আত্মীয়-স্বজনরা তাদের স্বজনদের হাসপাতাল থেকে হাসপাতালে খুঁজে ফিরছে। ঘটনাস্থলে ক্রমেই ভিড় বাড়ছে। একই সাথে বাড়ছে মানুষের আহাজারি।
কেউ কেউ হাসপাতালে স্বজনদের না পেয়ে মূর্ছা যাচ্ছে। হাজারো লোকের আর্তনাদে এক বেদনাঘণ পরিবেশ সৃষ্টি হয়েছে সাভারের বাইপাইলে।
উদ্ধার তৎপরতার পাশাপাশি স্কাউট, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর কর্মীদের এসব স্বজনের সেবা করতেও দেখা গেছে। কয়েকটি স্যাটেলাইট ক্লিনিক ও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে সেখানেই।
মঙ্গলবার সকালে পলাশ, নুরুজ্জামান ও সোহাগ জীবিত অবস্থায় উদ্ধার হলে হাজারো মানুষ তাদের ঘিরে ধরে। সবাই আশা করে থাকে, হয়তো এরাই হবে তাদের নিখোঁজ স্বজন।
বেলা আড়াইটায় মানিকগঞ্জের তসলিমের ছেলে ইলিয়াসের মৃতদেহ উদ্ধার হলে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক পরিবেশের।
বিকেল সাড়ে চারটায় ধ্বংস¯তূপের ভেতর থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার পাইকারছড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মিলনের দুর্গন্ধযুক্ত মৃতদেহ বের করা হয়। কিন্তু তার লাশ নেওয়ার কেউ না থাকায় বন্ধু কায়সার এগিয়ে আসে। আঞ্জুমানে মুফিদুল ইসলামের সহায়তায় তার লাশ পাঠানো হয় গ্রামের বাড়িতে।
একই গার্মেন্টসের কর্মী পারুল রোববার মধ্যরাতে দুই মামাকে খুঁজতে এসে ২৪ ঘন্টা পর এক মামা রুহুল আমীনকে ধ্বংস¯তূপ থেকে জীবিত অবস্থায় ফিরে পায়। অপর মামা হৃদয়ের কোন সন্ধান মঙ্গলবার রাত পর্যন্ত মেলেনি। তার আর্তনাদ, ‘আল্লাহ আমার এক মামাকে বাঁচিয়েছে, ঠিকমতো কাজ হলে আরেক মামাকেও আমি ফেরত পাবো’।
পারুলের মতোই অপেক্ষা করছে রাশেদুলের বাবা-মা, আকতারের বন্ধু-বান্ধব, ইসলামের ভাই ও ভগ্নিপতি। সকলের একই প্রত্যাশা, তাদের স্বজনদের যেন আল্লাহ জীবিত অবস্থায় ফিরিয়ে দেন তাদের কাছে।
রোববার মধ্যরাতে সাভারের বাইপাইলে শাহরিয়ার স্পেকট্রাম গার্মেন্টস ধ্বসে গেলে প্রচুর সংখ্যক কর্মীর মৃত্যু হয়।
