প্রখ্যাত শ্রমিক নেতা নাসিম আলী আর নেই
প্রখ্যাত শ্রমিক নেতা নাসিম আলী আর নেই। সোমবার সন্ধ্যা ছয় টায় হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি জটিল শ্বাসকষ্টে ভুগছিলেন।
তিনি স্ত্রী, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিল্স এর নির্বাহী কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
বস্তুত সংস্কৃতিকর্মী নাসিম আলী শ্রম জীবী মানুষের মধ্যে গণসংগীণ জনপ্রিয় করে তোলার কাজ করতে করতে ১৯৫০ এর দশকে শ্রমিক আন্দোলনের সাথে জড়িয়ে পড়েন। এর পর থেকে তিনি শ্রমিক আন্দোলনের এক নিবেদিত প্রাণ কর্মী হয়ে ওঠেন। পাকিস্তান শাসক বিরোধী বিভিন্ন আন্দোলনে হুলিয়া মাথায় নিয়ে ছদ্মবেশে সংগঠকের কাজ করে গেছেন নাসিম আলী। বামপন্থী রাজনৈতিক চেতনার এই ব্যক্তিত্ব মহান মুক্তিযুদ্ধেও সাহসী সংগঠকের ভুমিকা পালন করেন।
ভারতের ২৪ পরগণায় জন্মগ্রহণ করলেও ৪০ এর দশকে ঢাকার স্থায়ী বাসিন্দা হয়ে যায় নাসিম আলীর পরিবার। তখন থেকেই ঢাকার গেণ্ডারিয়া এলাকায় বাস করছিলেন তারা।
সোমবার রাত দশটায় গেণ্ডারিয়া মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবং রাতেই জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।
নাসিম আলির মৃত’্যতে গভীর শোক প্রকাশ করেছেন বিল্স এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান। এছাড়াও প্রখ্যাত শ্রমিক নেতা আবুল বাশার, সফিকুর রহমান মজুমদার, শাহ মোহাম্মদ আবু জাফর, মোঃ জাফরুল হাসান, বিল্স-এর কর্মকর্তা সৈয়দ সুলতান উদ্দিন আহমেদসহ শ্রমিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
