বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নৈশভোজের সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৮ জনকে সাময়িকভাবে বরখাস্ত
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহষ্পতিবার চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও’র সম্মানে আয়োজিত নৈশভোজ চলাকালীন সময় বিদ্যুৎ বিভ্রাটের পরিপ্রেক্ষিতে কাজে অবহেলার জন্য ৭ জন প্রকৌশলী ও ১ জন কর্মচারীকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সফররত চীনা প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত ওই নৈশভোজে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা অনুসন্ধানে সরকার শুক্রবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) গোলাম নবী’র নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।
সাময়িকভাবে বরখাস্তকৃতরা হলেন- গণপূর্ত ই/এম সার্কেল-৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সামসুজ্জোহা চৌধুরী, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রব নিশতার, গণপূর্ত ই/এম বিভাগ-৮ এর নির্বাহী প্রকৌশলী এএইচএম ইকরামুল হক চৌধুরী, শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ-২এর নির্বাহী প্রকৌশলী জিএমএম কামাল পাশা, উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) শামছুদ্দোহা, ই/এম উপবিভাগ-১৫ এর উপবিভাগীয় প্রকৌশলী লুৎফুল আজীজ, শেরেবাংলানগর ই/এম বিভাগের উপসহকারী প্রকৌশলী মো: নজরুল ইসলাম এবং বৈদ্যুতিক সহকারী এম কামরুল হাসান।
