২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে প্রসূতি মৃত্যু হারে বাংলাদেশ এখনও শীর্ষে

নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্যের দাবির মধ্য দিয়ে বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

নিরাপদ মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য বিষয়ে জনগণকে সচেতন করে তোলার জন্য ‘সবার আগে মা ও শিশু’ শ্লোগান নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

দিবসটি উপলক্ষ্যে রাজধানীর আইডিবি ভবনে ডিজিএইচএস ও ইউনিসেফ’র সহায়তায় বাংলাদেশ জনস্বাস্থ্য সমিতি, দৈনিক আমার দেশ এবং বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এইচইজেএফবি) একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠকে অত্যধিক প্রসূতি মৃত্যু হারের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বক্তারা এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বৈঠকের সমন্বয়ক আমার দেশের উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে বাংলাদেশে প্রতি এক লাখে তিন’শ ২০ থেকে চার’শ মা মৃত্যুবরণ করে। যদিও গত ১৫ বছরে এই হার কমে শতকরা ২২ ভাগে নেমে এসেছে তারপরও বিশ্বে প্রসূতি মৃত্যুর হার বাংলাদেশেই সর্বোচ্চ। তাই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে প্রসূতি মৃত্যুর হার প্রতি এক লাখে ১৫০ জনে নমিয়ে আনতে সরকারকে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।  বৈঠকে মুল প্রবন্ধ পাঠ  করেন ইউনিসেফের ডঃ আসিফ নাসিম। তিনি বলেন, বিভিন্ন সরকারি পদক্ষেপের পরেও প্রায় ৮৭ ভাগ প্রসূতি নিরাপদ সন্তান জন্মদান বিষয়ে নজর দেন না। সন্তান জন্মদান পরবর্তী সময়ে মাত্র ১৯ ভাগ মা প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের সেবা পায়। এছাড়া এখনও দেশের ২৬ ভাগ শিশুকে টিকা দেয়া হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রহমান খান বলেন, উচ্চ প্রসূতি মৃত্যুর অন্যতম কারণ অদক্ষ ধাত্রীর মাধ্যমে গর্ভপাত ঘটানো।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি বড় বাধা।

এছাড়া প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমাতে সরকারকে জাতীয়, জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসি বাড়ানোর প্রতি নজর দেওয়ার আহ্বান জানান বক্তারা।