২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীজ সঙ্কটের কারণে রাজশাহীতে এবছর পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না

রাজশাহী অঞ্চলে পাট বীজের অভাবে পাট চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। গতবারের চেয়ে এবার ৫/৬ গুন বেশি দাম দিয়েও বীজ পাচ্ছে না চাষীরা। এর কারণে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশংকা করা হচ্ছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিগত কয়েক বছরের তুলনায় গতবছর পাটের মূল্য ভালো পাওয়ায় এবছর পাট চাষে কৃষকরা বেশ আগ্রহী হয়ে জমি প্রস্তুত করে ফেলে। কিন্তু বীজ সঙ্কট তাদের হতাশ করে তুলেছে।

এদিকে সরকারি পর্যায়ে পাট বীজের সরবরাহ কম হওয়ার ফলে বীজের বাজার মূল্য নিয়ন্ত্রণে নেই। দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে বীজের মূল্য। গতবছর এক কেজি বীজ ৪০ থেকে ৬০ টাকায় কেনা গেলেও এবার রাজশাহীতে বীজের মূল্য কেজি প্রতি ২৮০ থেকে ৩০০ টাকা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর ৪ হাজার ৬’শ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষি কর্মকর্তা আশংকা ব্যক্ত করে বলেন, এবছর সরকারি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি পরিমান জমি প্রস্তুত করার ফলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

বিএডিসি সূত্র জানায়, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় গত বছর ৩০ হাজার কেজির বেশি তোষা এবং ৩ হাজার ২৪৮ কেজি দেশী পাট বীজ উৎপাদন করা হয়।

গত বছরের মোট চাহিদার অধিকাংশই সরবরাহ করা হয়েছিল, কিন্তু এবছরের মোট চাহিদার প্রায় ৫০ শতাংশ বীজ সরবরাহ করা সম্ভব হয়নি বলে বিএডিসি সূত্র জানায়।