২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে যাচ্ছে সিরাজগঞ্জের সুস্বাদু মাছ

উত্তরাঞ্চলের মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন শ্রেণীর নদী-নালা, খাল-বিল, জলা, হাওড় ও খড়ি থাকলেও দেখা দিয়েছে সুস্বাদু মাছের অভাব। জেলার যমুনা, করতোয়া, ফুলজোড় ও বড়াল, বাঙ্গালী, হুরাসাগর, ইছামতি নদীসমূহের অধিকাংশই শুকিয়ে যাওয়ায় এবং কোথাও কোথাও চর জেগে ওঠায় এ সংকট দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এক অনুসন্ধানে দেখা যায়, উজান থেকে আসা পলিসমৃদ্ধ বন্যার পানির কারনে নদীগুলো অকালে নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে। এছাড়াও প্রতিবেশী দেশ ভারতে নদীমুখে দেওয়া ফারাক্কার প্রভাবও পড়ছে এদেশের নদীগুলোতে। পলি ও বালু জমে যাওয়া নদীগুলো পানি ধরে রাখতে না পেরে প্রতি বছর দেশকে বন্যা কবলিত করলেও শুকনো মৌসুমে এতে দেখা দেয় পানি স্বল্পতা। পরিণতিতে বর্ষা শেষেই নদীগুলোর রূপান্তর ঘটে ধু ধু বালুচরে।

পানি উন্নয়ন বোর্ড বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এসব নদী সংরক্ষণের জন্য ড্রেজিংয়ের পরিমানও অত্যন্ত নগন্য।

স্থানীয়দের মতে, এসব জলাশয় ও নদীই ছিল এলাকার শৈল, বোয়াল, গজার, রুই, চিতল, বাঘার, আইড়, গুচি, ভেউস, কালবাউস, বাইটকা, সরপুটি, পাবদা (পবা), রায়েক, দেশী পাঙ্গাস, চাইপলা, বাইং, কৈ, শিং, দেশীমাগুড়, বাইজা, বাতাসী, গোলসা, টেংরা, কাতলা, মৃগেল, জাতীয় মাছের উৎপাদন ও রক্ষণাগার। কিন্তু সরজমিনে দেখা যায়, চলনবিলসহ বেশ কিছু শাখা নদী, খাল-বিল, হাওর, এবং আড়াই, রেশানি, গুমানী, ভদ্রাবতি, ভাদাইসহ বেশকয়েকটি  খড়ি পানিশুন্য হয়ে পড়েছে। ফলে এই মাছগুলো এখন বিলুপ্তির পথে।

স্থানীয়ভাবে হ্যাচারীগুলোর মাধ্যমে দেশী-বিদেশী জাতীয় মাছের চাষ করা হলেও স্বাদের দিক থেকে এসব মাছ দেশীয় ওই সব মাছের সমকক্ষ নয়। তারপরও দেশীয় সুস্বাদু মাছের অভাবের কারণে মানুষ এসব স্বাদবিহীন মাছ দিয়েই তাদের চাহিদা মেটাচ্ছে। স্থানীয়দের মতে, শুষ্ক মৌসুমে মাছ চাষীরা তাদের পুকুর ও ডোবাগুলো সেচে ফেলে এবং অনেক সময় সামান্য টাকার চাহিদা পূরণ করতেই ছোট ছোট মাছও ধরে বিক্রি করে দেয়। এতে এসব মাছের বংশ নিধন হয়ে যায়। ফলে স্বাভাবিকভাবে মাছের বংশবিস্তার হচ্ছেনা।

সম্প্রতি জেলার চলনবিল ঘুরে দেখা যায়, জেলে ও মাছ চাষীরা বিলের অভ্যন্তরের ডোবা, পুকুর বা ক্যানেল থেকে বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছগুলোও ধরতে কার্পণ্য করছে না। তাছাড়াও বর্ষা মৌসুমে এই চাষীরাই ফাঁস জাল দিয়ে নানা প্রজাতির মাছের বংশ ধংস করছে।

মাছের বংশ বিস্তারে বাঁধা এবং বিলুপ্তির আরও কয়েকটি অন্যতম কারণ হচ্ছে : এক শ্রেণীর অসাধু রেণুু পোনা ব্যবসায়ী যমুনা নদী থেকে রেনু পোনা ধরে বিভিন্ন স্থানে বিক্রি করে। এ সময়ে তারা ১ কেজি রেনু পোনা সংগ্রহ করতে গিয়ে অন্য  মাছ দুই কেজি নষ্ট করে। পোনা নষ্ট করার প্রক্রিয়াও মাছ বিলুপ্তির অন্যতম কারণ।

এদিকে সুস্বাদু মাছের সংকটের প্রভাব পড়ছে সিরাজগঞ্জের ৯ টি উপজেলার প্রায় লক্ষাধিক জেলের মধ্যে।  ইতোমধ্যেই তারা অন্য পেশায় চলে গেছে। যারা এখনও পুরনো পেশায় আছে তাদেরকেও মাঝে মধ্যে রিক্সাভ্যান টানতে হয়। উপজেলার বালসাবাড়ি’র তাঁত অঞ্চল ঘুরে দেখা যায় প্রায় পাঁচ শতাধিক জেলে এখন তাঁত শ্রমিক। চলনবিল অঞ্চলে ঘুরে দেখা যায়, বিলের ১৩০ টি গ্রামের হাজার হাজার জেলে মাছ ধরা ছেড়ে দিয়ে কৃষিকাজ করছে।

অতীতে জেলেদের বিক্রি ছিল প্রচুর। কিন্তু এখন যমুনা নদীতে তাদের জাল টানাই সার। দিনে ৪০/৫০ টাকাও আয় হয় না। রাজবংশী নামে এক জেলে করতোয়া নদীতে মাছ ধরতো। বয়স ৮০ হলেও এখনও তিনি বেশ শক্ত। রাজবংশী অভিযোগ করে বলেন, “নদীতে মাছ পাওয়া যায় না,  বড় সাহেবেরা আবার আমাগো জালও পুইড়া দেয়।”