আদালত অবমাননা বিষয়ে অচিরেই নতুন আইন প্রণীত হচ্ছে : ব্যরিস্টার মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, আদালত অবমাননার আইন সংশোধন করে অচিরেই নতুন আইন প্রনয়ন করা হচ্ছে। ইতিমধ্যেই এ আইনের খসড়া তৈরি করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা জানান।
গণমাধ্যম বিশেষজ্ঞ অধ্যাপক সাখওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন মন্ত্রী আরও বলেন, আমাদের দেশের আদালত অবমাননার আইনটি অসম্পূর্ণ। এতে আদালত অবমাননার সংজ্ঞা নাই। অসম্পূর্ণ এই আইনটি যেনতেনভাবে ব্যবহার করার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে।
খসড়া আইন বৈশিষ্ট্য সম্পর্কে মন্ত্রী বলেন, বিচারকাজের কাজের সঙ্গে সম্পর্কিত নয়, আদালতের মান-মর্যাদা ও ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত নয়, এমন ঘটনা আদালত অবমাননার মামলায় আনা যাবে না। তিনি আরও বলেন, খসড়া আইনে সাধারণ মানুষ এবং মিডিয়াকে স্বাধীনতা দেয়া হবে।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং বিভিন্ন উন্নত দেশের আদালত অবমাননাার আইন সংগ্রহ করে বিশেষ পাশ্ববর্তী দেশসমূহের অভিজ্ঞতার ভিত্তিত্তে খসড়া প্রনয়ন করা হয়েছে। এই খসড়া অচিরেই প্রকাশ করা হবে এবং এ নিয়ে আলোচনার আয়োজন করা হবে। আলোচনায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে খসড়া চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান, এপি’র ব্যুরো চীফ ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ হোসেন, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবু জাফর, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ ও পিআইবির গবেষক শামীমা চৌধুরী। সভায় সঞ্চালকের ভূমিকা পালন করেন এমএমসি‘র নির্বহী পরিচালক কামরুল হাসান মঞ্জু এবং ‘জাতীয় প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা : কার্য-কারণ অনুসন্ধান’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থপপান করেন কেএম রবিউল ইসলাম।
সাংবাদিক নির্যাতন সম্পর্কে সভাপতির ভাষণে অধ্যাপক সাখওয়াত আলী খান বলেন, ক্ষমতাসীনদের সঙ্গে মিডিয়ার সংঘাত নতুন নয়। বহু পুরোনো এই সংঘাতের মধ্য দিয়ে উপকৃত হয় গণতন্ত্র। কিন্তু যখন কোন পক্ষ অন্য পক্ষকে পঙ্গু করে দিতে চায়, তখন গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
