২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী পোস্টাল সেভিংস ব্যাঙ্কের অর্ধ কোটি টাকা আত্মসাৎ, অভিযুক্ত পোস্টাল অপারেটর উধাও

নীলফামারী প্রধান ডাকঘরে পোস্টাল সেভিংস ব্যাঙ্কের প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাতের ঘটনা ফাঁস হয়ে পড়ায় রোববার থেকে এডিশনাল ডিজির নেতৃত্বে তদন্ত কাজ শুরু হলে অভিযুক্ত তিন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে একজন পোস্টাল অপারেটর উধাও হয়ে যান।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 03:43 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সংশি¬ষ্ট সুত্র জানিয়েছে, সঞ্চয়পত্রের ভূয়া ভাউচার ও একাধিক বার পেমেন্ট দেখিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় এই অর্থ আত্মসাৎ করা হয়। ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার মীর নূরুল ইসলাম মুন্না, লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজু এবং পোস্টাল অপারেটর তসলিম উদ্দিন এর সাথে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

পোস্ট মাস্টার নবির উদ্দিন জানান, এডিশনাল ডিজি মোফাসসেরুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম রোববার থেকে তদন্ত শুরু করলে ওই দিন বিকেল সাড়ে তিনটা থেকে অভিযুক্ত পোস্টাল অপারেটর তসলিম উদ্দিন উধাও হয়ে যায়। এজন্য তিনি কোনও ছুটির দরখাস্ত দেননি।

সংশি¬ষ্ট সূত্র আরও জানায়,  এই তিন কর্মকর্তা-কর্মচারীর কার্যকালে আরও কোন ঘাপলা রয়েছে কী-না তদন্ত টিম তা খতিয়ে দেখছে।

তদন্ত টিমের অন্যতম সদস্য ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শফিকুল আলম বিডিনিউজকে জানান,  একাউন্ট হোল্ডারদের অভিযোগের ভিত্তিতে পোস্ট মাস্টার জেনারেলের নির্দেশে তদন্ত কাজ চলছে।  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছেনা। তবে এই তদন্ত কত দিন চলবে তা তিনি  জানাননি।

এদিকে নীলফামারী প্রধান ডাকঘরের এই ঘটনা মঙ্গলবার প্রচার হয়ে গেলে হাজার হাজার একাউন্ট হোল্ডারদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। সকাল থেকে একাউন্ট হোল্ডারগণ পোস্ট অফিসে গিয়ে ভীড় করতে থাকে।