গাইবান্ধায় চরম বিদ্যুৎ বিপর্যয়
জেলায় গত কয়েক সপ্তাহ ধরে চরম বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রায় ১২ হাজার গ্রাহকসহ ২৩ লাখ জেলাবাসী এখন চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জেলার কলকারখানায় উৎপাদন ও উন্নয়ন কর্মকাণ্ডসহ জীবন যাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় জেলায় ২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন জরুরী হয়ে পড়েছে।
আগের তুলনায় বর্তমানে দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নতি হলেও গাইবান্ধা জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যাবস্থার আরও অবনতি ঘটেছে।
গত সপ্তাহ ধরে প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাট এবং গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ ঘন্টা এমনকি ১২ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনজীবন সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
কলকারখানায় উৎপাদন ব্যাহতসহ ব্যাবসা বানিজ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এক জরিপে দেখা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে জেলার ক্ষতির পরিমাণ শতকরা ৭৫ ভাগ।
বিদ্যুৎ বিপর্যয়ে জেলার ছোট বড় ২২ শ’ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় সেগুলি এখন ধ্বংসের মুখোমুখি। এছাড়া সেচ কাজেরও ক্ষতি হচ্ছে।
গাইবান্ধার বিদ্যুৎ সরবরাহ দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা-সিদ্ধিরগঞ্জ জাতীয় বিদ্যুৎ কেন্দ্রের নির্দেশে গাইবান্ধা পলাশবাড়ী গ্রীড উপকেন্দ্র থেকে পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, জয়পুরহাট, ঘোড়াঘাটসহ গাইবান্ধায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
জাতীয় গ্রীড ঢাকা সিদ্ধিরগঞ্জ কন্ট্রোল রুম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রবাহিত ১৩২ কেভি বিদ্যুৎ ১৩২ বাই ৩৩ কেভি বিদ্যুৎ লাইন থেকে পলাশবাড়ি উপকেন্দ্রে বিদ্যুৎ এসে ৩৩ বাই ১১ কেভি হয়ে গাইবান্ধায় আসে।
জেলায় বিদ্যুতের চাহিদা ৭ থেকে ২০ মেগাওয়াট থাকলেও পলাশবাড়ী উপকেন্দ্র মাত্র ৩ থেকে ৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।
