২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় মাধব চন্দ্র রায়ের খুনের রহস্য উন্মোচন

বরগুনার কড়ই তলা মাইঠা গ্রামের মাধব চন্দ্র রায় (২৫) খুনের রহস্য উন্মোচিত হয়েছে। গ্রেফতারকৃত মটর সাইকেল চালক জলিলুর রহমান কালু (২২) খুনের সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 05:21 AM

Updated : 26 Apr 2022, 05:31 PM

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাধব ঢাকা জর্দা কোম্পানির সেলসম্যান ছিলো। গত ২৬ মার্চ সকালে বরগুনার পাথরঘাটার বিভিন্ন দোকান থেকে ৪৮ হাজার টাকা আদায় করে। পাথর ঘাটার শহীদ নামে এক ব্যবসায়ীর কাছে তার কিছু টাকা পাওনা ছিলো। শহীদ,  মাধবকে পাওনা টাকা মিটিয়ে দেয়ার জন্য পাথর ঘাটার বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয়। মাধব রাজী হলে মটর সাইকেল ব্যবসায়ী জলিলুর রহমান কালুর মটর সাইকেলে চড়ে শহীদ তাকে ছোট পাথর ঘাটা গ্রামে আমীর হোসেনের বাড়ি নিয়ে যায়। পূর্ব  পরিকল্পনা অনুযায়ী আরও তিনজন সেখানে জড়ো হয়। মাধব কোন কিছু বোঝার আগেই গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়। পর তারা মাধবের লাশ হোগলাপাশা খালে ফেলে দেয়।

পুলিশ ২৯ মার্চ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মাধবের মামা অতুল চন্দ্র শিকদার পাথর ঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ মটর সাইকেল ব্যবসায়ী জলিলুর রহমান কালুকে আটক করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালায়। জলিলুর রহমান পুলিশের কাছে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করে এবং জড়িতদের নাম পুলিশের কাছে ফাঁস করে দেয়।