নেত্রকোনায় শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ
সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কেএনএফ নিু মাধ্যমিক বিদ্যালয়ের নামে বরাদ্দ নিয়ে সভাপতি মো. আব্দুল কুদ্দুছ ফকির গত ২ বছরে অনুদানের টাকাসহ মোট সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, গত বছর নেত্রকোনা সদর উপজেলার কাঞ্চনপুরে বয়ে যাওয়া প্রলয়ঙ্করী টর্নেডোতে অর্ধশতাধিক লোক নিহত ও অনেক লোক আহত হয়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, গাছপালা, পশু-পাখিসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় ওই এলাকার গর্দি মাদ্রাসা ও কেএনএফ নিু মাধ্যমিক বিদ্যালয়ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বিদ্যালয় সংস্কার বাবদ বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ২ লক্ষাধিক টাকার সমপরিমাণ মালামাল আসলেও তা কাজে না লাগিয়ে সভাপতি আত্মসাৎ করেন। এ ছাড়া প্রধান শিক্ষকের যোগসাজশে ভূয়া ও অবৈধ শিক্ষক নিয়োগ করে ১ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির সাথে যারা জড়িত তারা রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এলাকাবাসী এর সঠিক তদন্তের বিচার দাবি করেন।
