সন্ত্রাসী পিচ্চি জাহাঙ্গীর ক্রসফায়ারে নিহত
তথাকথিত সন্ত্রাসী পিচ্চি জাহাঙ্গীর সোমবার মধ্যরাতে রাজধানীর কাফরুল থানার ভাষানটেক এলাকার বাউনিয়া বাঁধের কাছে ক্রসফায়ারে নিহত হয়েছে।
কাফরুল পুলিশ জানায়, সন্ত্রাসী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধকালে সন্ত্রাসী মোহাম্মদ রাসেল ওরফে পিচ্চি জাহাঙ্গীর (২৫) নিহত হয়।
সুত্র জানায়, পাবনা জেলার সুজানগরের আব্দুল কুদ্দুসের পুত্র পিচ্চি জাহাঙ্গীর রাজধানীর ভাষানটেকের ইব্রাহীমপুর এলাকায় বসবাস করতো।
কাফরুল থানার এএসআই মঞ্জুরুল হক জানান, পিচ্চি জাহাঙ্গীরকে সোমবার দুপুরে কচুক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিমুলক জবানবন্দী অনুযায়ী পুলিশ তাকে সাথে করে সোমবার মধ্যরাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে ভাষানটেক এলাকায় যায়।
পুলিশ জানায়, এসময় জাহাঙ্গীরের কিছু সহযোগী তাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ বাঁধে, এবং তাতে জাহাঙ্গীর ঘটনাস্থলেই প্রাণ হারায়।
পুলিশ আরও জানায়, জাহাঙ্গীর মারা যাওয়ার সাথে সাথেই তার সহযোগীরা ওই স্থান থেকে পালিয়ে যায়।
পুলিশ উক্ত এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি।
জাহাঙ্গীরের মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, রাজধানীর দু‘টি ভিন্ন এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দু‘টি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
