২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসির নির্দেশে ছাড়া পেয়ে আসামীদের তান্ডব

ওসির নির্দেশে সরকারী সম্পদ চুরির মামলার চার্জশিটভূক্ত ছয় পলাতক আসামীকে ছেড়ে দেয়ার পর তাদের হামলায় আহত এক গ্রাম পুলিশ এখন হাসপাতালের বিছানায় পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

রোববার রাতে জেলার জলঢাকা উপজেলার আনসারহাট এলাকায় ওয়ারেন্টভূক্ত ওই আসামীদের আটক করে গ্রাম পুলিশ কফিল উদ্দিন জলঢাকা থানায় খবর দেয়। কিছুক্ষন পর থানার ওসি এসএম নুরুল তাকে আসামীদের ছেড়ে দেয়ার জন্য নির্দেশ দেন। ওসির নির্দেশে ছাড়া পাওয়ার পর আসামীরা ওই গ্রাম পুলিশকে অমানবিকভাবে পিটিয়ে আহত করে। মারাত্মক অবস্থায় গভীর রাতে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

সংশিষ্ট সূত্র জানায়, চরভরট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইস গেট থেকে মূল্যবান যন্ত্রাংশ চুরির অভিযোগে গত বছরের সেপ্টেম্বর মাসে একটি মামলা হয়। মামলায় মোট ১২ জন আসামীর মধ্যে পুলিশ গত ফেব্র“য়ারী মাসে আনসারহাট এলাকার  মান্নান, মজিদ, বাবুল, সাদেকুল, লতিফ ও রশিদুল হক নামে ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের গ্রেফতারের দায়িত্ব পেয়ে জলঢাকা থানার এসআই মমিনুর আসামীদের ধরতে ওই এলাকার গ্রাম পুলিশ কফিল উদ্দিনের সহযোগিতা চান। তার অনুরোধে কফিল উদ্দিন রোববার রাতে আসামীদের ধরে থানায় খবর দেয়।

এদিকে আসামীরা জামাত এমপির ঘনিষ্ঠ হওয়ায় ওসি তাদের ছেড়ে দেয়ার নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে। একই কারণে গ্রাম পুলিশ কফিল উদ্দিনকে আহত করার পরও কোন মামলা হয়নি। এ প্রসঙ্গে জলঢাকা থানার একজন এসআই বলেছেন, ওসি সাহেব মামলা না করলে আমরা কী করবো!