২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গোমতী বাঁধ হুমকির সম্মুখিন

কুমিল্লার বুড়িচং উপজেলার কয়েকটি ইউনিয়নের চর এলাকা থেকে অবাধে মাটি কাটার ফলে গোমতী নদীর বাঁধ এখন হুমকির মুখে। পীর যাত্রাপুর ইউনিয়ন, ষোল নলের শ্রীপুর, বাহেরপুর, গোবিন্দপুর, নানুয়ার বাজার, কাহেতরা, পুর্বহুড়া, কামালখাড়া, বালিখাড়া এলাকার চর থেকে ট্রাক্টরে মাটি ভরাট করে ু অবৈধ মাটি কাটা ব্যবসায়ীরা বুড়িচংয়ের বিভিন্ন ইটাখোলা, বাসাবাড়িসহ বিবিধ স্থানে সরবরাহ করছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

স্থানীয় সূত্র জানায়, গড়ে প্রতিদিন ৩‘শ থেকে ৮‘শ বার ট্রাক্টর আসা-যাওয়ার ফলে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধটিতে বড় বড় গর্ত দেখা দিয়েছে এবং দেবে গেছে। এছাড়া শব্দদূষণের কারণে এসব এলাকার জনজীবনে নেমে এসেছে মারাত্মক বিরক্তি। প্রভাবশালী মহল এ কাজে জড়িত থাকার কারণে এদেরকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না বলে জানা যায়।

বর্ষা মৌসুমে এসব এলাকার ১৮/১৯টি পয়েন্ট দিয়ে পানি চুইয়ে বের হয় ফলে স্থানগুলো ভেঙ্গে পড়ার আশংকায় জনমনে আতংক বিরাজ করছে। তাছাড়া গোমতী নদী থেকে অপরিকল্পিত ভাবে বালি উত্তোলন করার ফলে ড্রেজিংয়ের অভাবে নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বুড়িচং ব্রাহ্মনপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে।

শ্রীপুর, বাহের চর, গোবিন্দপুর, নানুয়ার বাজার, কাহেরতরা, পূর্বহুড়া, বালিখাড়া এলাকার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধটি এলাকাবাসী ছোট ছোট বাঁশের লাঠি দিয়ে ঘিরে রেখেছে। এসব এলাকার প্রভাবশালী অবৈধ মাটি ব্যবসায়ীরা চর এলাকা থেকে অবৈধভাবে মাটি বিক্রি করছে। এর ফলে গোমতী বাঁধের ব্যাপক ক্ষতি হচ্ছে।

কর্তৃপক্ষকে উপেক্ষা করে  প্রভাবশালী মহল যদি এভাবে মাটি কাটা অব্যাহত রাখে, তবে বাড়ি-ঘর এবং ফসলী জমিসহ সবই নদীগর্ভে বিলীন হবে। আর এসব কারণেও স্বাধীনতার পর গোমতী নদীর বুড়িচং ব্রাহ্মনপাড়া অংশে ১২ বার বাঁধ ভেঙ্গেছে।

এছাড়া, রতœাবতী, বাটপাড়া আমতলীর ১৫/২০ স্থানে গাড়ি আসা-যাওয়ার ফলে বাঁধ ভেঙ্গেছে। এ ব্যাপারে আমতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামসুল হককে জিজ্ঞাসা করা হলে, তিনি সবকিছু অস্বীকার করেন। অথচ আমতলী পুলিশ ফাঁড়ির ২০ গজ কাছে দিয়েও ট্রাক্টরে করে কুমিল্লার শতাধিক ইটভাটায় মাটি সরবরাহ করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, রতœাবতী পুলিশ ফাঁড়ি, আমতলী পুলিশ ফাঁড়ি, রেলওয়ে জিআরপি এবং কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের সাথে অবৈধ মাটি কাটা ব্যবসায়ীদের মাসিক চুক্তি রয়েছে।

ইতিমধ্যে কয়েকবার দেবিদ্বার বাঁধ ভাঙ্গার ফলে পাঁচটি উপজেলা বন্যা কবলিত হয়। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও নীরব ভূমিকা পালন করে আসছে।