সুন্দরবনে আগুনে পুড়ে গেছে ৫০ একর বন
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের আড়–য়ার বেড় এলাকায় আবারো আগুন লেগেছে। বনকর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় কুয়া থেকে পানি তুলে গত ৪ দিনেও আগুন নেভাতে পারছেনা। সূত্র জানায়, ইতোমধ্যে আগুনে অন্তত ২০ একর জমির গাছপালা পুড়ে গেছে। এই নিয়ে গত এক সপ্তাহে একই স্টেশন এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে অন্তত ৫০ একর বনভূমির গাছপালা বিনষ্ট হলো।
বন বিভাগ জানায়, ধানসাগর স্টেশন থেকে প্রায় ৫ কি.মি. দক্ষিণে আড়–য়ার বেড় এলাকায় চরাভূমির বনে গত ১৪ এপ্রিল আগুনের সূত্রপাত হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো.মিজানুর রহমান সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত ৮ এপ্রিল ঘুটাবাড়িয়া-মূর্তিরখাল এলাকায় অপর একটি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। বন বিভাগ পৃথক এ দ‘ুটি অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি।
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো.মিজানুর রহমান জানান, বনের ভেতর দিয়ে চলাচলকারী জেলে-বাওয়ালীদের ব্যবহৃত বিড়ি বা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে।
তিনি বলেন, আগুনে এ এলাকার নলখাগড়া, ছন ও ঘাসবন পুড়ে গেছে তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দু‘টি এলাকার ৬/৭ একর জমি আগুনে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি জানান।
তবে বন থেকে ফিরে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, দু‘টি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ একর বনের গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, মরা ভোলা, আড়–য়ার বেড় ও শেলা নদী ভরাট হয়ে বনের ভেতরের চরাঞ্চলে বিশাল নলখাগড়া, ছন, ঘাস ও হোগলা বনের সৃষ্টি হয়েছে। বছরের শুষ্ক মওসুমে জেলে বাওয়ালীদের অসাবধানতায় এসব এলাকায় আগুনের সূত্রপাত হয়, যা ছড়িয়ে পড়ে বনের বিভিন্ন গাছপালার ক্ষতিসাধন করে।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এসব নদী পুনঃখননের মাধ্যমে মানুষের অবাধ চলাচল রোধ করতে পারলে প্রতি বছর বনের এই এলাকায় আগুন লাগার প্রবনতা রোধ করা সম্ভব হতো।
উল্লেখ্য, অবৈধ অনুপ্রবেশকারী মৌয়ালদের ফেলে দেয়া মশালে গত বছর ২৫ মার্চ এই স্টেশন এলাকার পঁচা কোড়ালিয়ায় এবং ২৭ ডিসেম্বর ধানসাগর স্টেশন সংলগ্ন এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে বিভিন্ন প্রজাতির ৫ সহস্রাধিক গাছ পুড়ে যায়।
