২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালিশের টাকা সংগ্রহ করতে গিয়ে বেগবতী রানীর পরিবার পথে বসেছে

মুসলিম পরিবারের এক মেয়েকে বিয়ে করার খেসারত দিতে গিয়ে সর্বস্বান্ত হতে চলেছে সনাতন ধর্মাবলম্বী বিধবা বেগবতি রানীর পরিবার।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:33 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মতিহার থানার চক কাপাসিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী বেগবতী রানীর ছেলে সুভাষ (১৮) প্রেম করে পাশের গ্রামের মুসলিম পরিবারের মেয়ে রিমাকে নিয়ে ৩ এপ্রিল পালিয়ে যায়। এ ঘটনার রেশ ধরে  ইউসুফপুর ইউনিয়ন কার্যালয়ে তাদের ধরে এনে এলাকার প্রভাবশালী ব্যাক্তিদের নেতৃত্বে সালিশী অনুষ্ঠিত হয়। গ্রাম্য সালিশে বেগবতীর পরিবারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। ধার্যকৃত টাকা সংগ্রহ করতে আরেক মেয়ে চঞ্চলা রানীর (১৪) বিয়ের জন্য গাছ ও জমি বিক্রি করতে হয়েছে বেগবততি রানীকে।

১৬ এপ্রিল বেগবতী রানী ও তার পরিবার অভিযোগ জানাতে সংশ্লিষ্ট থানায় আসলে ইউসুফপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাক আহমেদ মিঠুনের নির্দেশ অনুযায়ী অভিযোগ গ্রহণ করেনি থানা পুলিশ। সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, এ ব্যাপারে তারা কিছু জানেন না। পুলিশ আরও জানায়, মেয়েটির ভবিষ্যতের কথা ভেবেই হয়তো চেয়ারম্যান সুভাসের পরিবারের ওপর জরিমানা ধার্য করেছে।

সালিশের মাধ্যমে একটি দরিদ্র পরিবারকে নির্যাতন ও তাদের নিরাপত্বার বিষয়টিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তেমন গুরুত্ব দেননি।