২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামানত ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ না দেয়ায় ব্যাংকারদের সমালোচনা করেছেন অর্থমন্ত্রী

জামানত ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ না দেয়ায় জন্য মঙ্গলবার ব্যাংকারদের সমালোচনা করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার আয়োজিত বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (বিপিআইএ) প্রতিনিধি সম্মেলনে ভাষণদানকালে মন্ত্রী এ কথা বলেন। ব্যাংকের জামানতের এ ব্যবস্থাকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রতিকূল বলে অভিহিত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রশিক্ষিত যুবকরা সার্টিফিকেট দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিতে পারে। তিনি প্রশ্ন উত্থাপন করেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে জামানত হিসেবে ব্যাংকে অর্থ রাখবে?

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমন  এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন আহমেদ। বিপিআইএ’র সহ সভাপতি শাহ হাবিবুল হক সম্মেলনে স্বাগত বক্তব্য দেন।

সাইফুর রহমান বলেন, “আমাদের দেশে ব্যাংকগুলো উদ্যোক্তা তহবিল থেকে বড় বড় প্রতিষ্ঠান ও ধনী ব্যক্তিদের ঋণ প্রদান করে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রস্তাবনা প্রত্যাখান করে।”

তিনি আরও বলেন ধনী ব্যক্তিদের ও বড় বড় প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা বিশেষ আগ্রহ দেখিয়ে থাকে। দেশে খেলাপি ঋণের পরিমান দাঁড়িয়েছে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা। কোন ব্যাংক এমন দৃষ্টান্ত দেখাতে পারেনি যে জামানত আদায় করেও তারা সুদসহ ঋণের অর্থ আদায় করতে পেরেছে।

মন্ত্রী সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণ প্রদানের আহবান জানান। তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে সাইফুর রহমান পোল্ট্রি ব্যবসায়ীদের ব্যাংক ঋণের সুদের হার সাত শতাংশের নীচে নামিয়ে আনার আবেদন প্রত্যাখান করেন।