২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিক পাচারকালে আটককৃত ৩ মাঝিকে ৩ দিনের বিমাণ্ডে

অবৈধভাবে শ্রমিক পাচারকালে আটক তিনজন মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এদিকে, ২১ এপ্রিলের মধ্যে উদ্ধারকৃত ৯০ যুবক সম্পর্কে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন চেয়েছেন আদালত। প্রতিবেদন পাওয়ার পর যুবকদের বিষয়ে আদালতের সিদ্ধান্ত আসতে পারে বলে পুলিশ বিডিনিউজকে জানায়।

ঘটনার পর নৌবাহিনী কর্তৃপক্ষ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে প্রতারণা মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হলো - মোহাম্মদ সেলিম, লোকমান হোসেন, আবদুল হক, মহিউদ্দিন ও নুরুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, পাচারের ঘটনায় ঢাকার দুই ট্রাভেলস এজেন্সির পাশাপাশি চট্টগ্রামের সালাম ট্রাভেল এজেন্সি জড়িত বলে জানা গেছে। পুলিশ সালাম এজেন্সির মালিককে খুঁজছে।

নৌ-বাহিনীর সদস্যরা রোববার সন্ধ্যায় কর্ণফুলী নদীর জেটিতে নোঙ্গর করা সাইপ্রাসগামী দুই ইঞ্জিনবিশিষ্ট একটি জাহাজে অভিযান চালিয়ে আদম ব্যবসায়ীদের হাত থেকে ৯০ জন যুবককে উদ্ধার করে। এদের গ্রিসে পাচারের চেষ্টা করা হচ্ছিলো।

বিদেশে নিয়ে ভাল চাকরি দেয়ার লোভ দেখিয়ে অবৈধ ভাবে পাচার করা হচ্ছিল তাদের।