২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার ট্র্যাজেডি: ধসে যাওয়া ফ্যাক্টরিতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা, মৃতের সংখ্যা ৬১

সাভারে ধসে যাওয়া নয় তলা গার্মেন্ট ফ্যাক্টরির ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধারে নিয়োজিত দলগুলো মঙ্গলবার তাদের অভিযান শেষ করেছে। উদ্ধার অভিযানে সরকারি হিসাব অনুযায়ী ভবন ধসে মৃতের সংখ্যা ৬১। সপ্তাহব্যাপী উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী ব্রিগেডিয়ার জেনারেল নিজাম আহমেদ বলেন, “আমরা ধ্বংস¯তূপ পরিস্কার করেছি এবং সর্বশেষ নিহতের দেহ উদ্ধারের পর উদ্ধার কাজ সম্পন্ন করেছি।”

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 06:53 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তিনি নিশ্চিত যে ফ্যাক্টরি ভবন ধসে ৬১জন নিহত হয় এবং সেখানে আর কোনও মৃতদেহ অবশিষ্ট নেই। সমন্বয় না থাকার কারণে আগে বিভিন্ন সময় নিহতের সংখ্যা কম বেশি উল্লেখ করা হয়েছে বলে তিনি জানান।

রাজধানী থেকে ২৫ মাইল দূরে পলাশপুরে অবস্থিত স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরি গত ১১ এপ্রিল ধসে পড়ে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ও স্থানীয়দের ভাষ্য মতে ভবন ধসের সময় ফ্যাক্টরিতে প্রায় ৫০০ শ্রমিক কর্মরত ছিলেন।

সামরিক বাহিনীর সদস্যরা, পুলিশ ও অগ্নিনির্বাপকরা ধ্বংসাবশেষ থেকে ৮৪ জন শ্রমিককের উদ্ধার করেছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকরা আশংকা প্রকাশ করছেন, ধ্বংসাবশেসের নীচে আরও মৃতদেহ চাপা পড়ে থাকতে পারে।

তবে ফ্যাক্টরি কর্তৃপক্ষ পরিস্কার করে বলেনি দুর্ঘটনার সময় সেখানে কত জন শ্রমিক কর্মরত ছিল।

উদ্ধারকর্মীরাও বলছেন আগে যে সংখ্যক মৃতের সংখ্যা অনুমান করা হয়েছিল তা অতিরঞ্জিত ছিল।

ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, “সর্বশেষ পদক্ষেপ হিসেবে আমরা ডগ স্কয়াডকে নিয়োজিত করি এবং নিশ্চিত হই যে ধ্বংসাবশেষে আর কোনও লাশ অবশিষ্ট নেই।”

এদিকে উদ্ধার অভিযানের নয় দিন পরও অনেক আত্মীয়স্বজন অপেক্ষায় আছেন স্বজনদের লাশ উদ্ধারের। আসমা নামের এক মহিলা সাংবাদিকদের বলেন দুর্ঘটনার পর থেকে তার মেয়ের জামাই’র কোন খবর পাওয়া যাচ্ছে না। লাবলু নামে আরেকজন বলেন তিনি তার ভাতিজাকেও খুঁজে পাচ্ছেন না।

উদ্ধারকর্মীরা ফ্যাক্টরির সরঞ্জামাদি ফেলে রেখে যাওয়ায় উদ্ধারকার্য বন্ধ করে দেওয়ার পর পুলিশ ধসে যাওয়া ফ্যাক্টরির স্থানকে ঘিরে রেখেছে। সীল করে রাখা ফ্যাক্টরিকে ম্যাজিস্ট্রেটের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির নিকটবর্তী একই মালিকের আল শাহরিয়ার গার্মেন্টসও সীল করে দেওয়া হবে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া স্পেকট্রাম গার্মেন্টসের শ্রমিকরা এখন কঠিন সময় অতিক্রম করছে। সোয়েটার ফ্যাক্টরির তিন জন শ্রমিক নুরুজ্জামান, শাকিল ও মনসুর হেলাল তাদের দুঃসময়ের বর্ণনা দিতে গিয়ে বলেন, তারা এতই অর্থ সংকটে আছেন যে প্রতিদিনকার খাবার পর্যন্তও কিনতে পারছেন না। তারা বলেন ঘর মালিকরা ভাড়া পরিশোধ না করে তাদের যেতে দিচ্ছেন না। অন্যদিকে দোকানগুলোতেও পয়সা না দিয়ে কোন কিছু ক্রয় করা যাচ্ছে না।

ধসে যাওয়া সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা মার্চ মাসের বেতন পায়নি।