দুটি পৃথক অভিযানে র্যাব কর্তৃক ১১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার
পৃথক দুটি অভিযানে মঙ্গলবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা ১১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাব সূত্র জানায়, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী দূরপাল্লার বাস ও অন্যান্য গাড়িতে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে একটি প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-প-০৩-২২৪১) থেকে ৯০০ বোতল ফেন্সিডিল এবং এর দুই আরোহী ও ড্রাইভারকে আটক করা হয়।
আটককৃতরা হলো মোহাম্মদপুরের ১৬/১৩, বাবর রোড নিবাসী জনৈক আব্দুল হামিদের ছেলে কফিলউদ্দিন (৩০), পাবনা জেলার ঈশ্বরদী থানার আব্দুস সাত্তারের ছেলে আবুৃল বাশার (৩০) এবং কার ড্রাইভার রবিউল ইসলাম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক র্যাব কর্মকর্তা জানান, এরা কুষ্টিয়ার সীমান্তবর্তী সোনাইমুড়ি গ্রাম থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় আসছিলো।
আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে নাটের গুরুদের ধরতে র্যাব নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে বলেও তিনি জানান।
অপর ঘটনায় ঢাকাগামী একটি বাস থেকে র্যাব সদস্যরা ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তবে এই চালানের বাহককে চিহ্নিত করা যায়নি।
