সাতক্ষীরার গ্রামে আহমদিয়ারা চরম নিরাপত্তাহীনতায়
জেলার শ্যামনগরের যতীন্দ্রনগরসহ আশপাশের গ্রামে আহমদিয়ারা এখন সন্ত্রাসী গোষ্ঠির হামলায় চরম নিরাপত্তাহীনতায়।
অভিযোগ পাওয়া গেছে খতমে নবুয়ত মুভমেন্ট সমর্থকরা মঙ্গলবার এক আহমদিয়া পরিবারকে হুমকি দিয়ে বলেছে, ধর্ম পরিবর্তন করা না হলে ওই পরিবারের মা ও মেয়েকে ধর্ষণ করা হবে।
সোমবার রাতে সন্ত্রাসীরা এক সঙ্গে আহমদিয়াদের পাঁচটি বাড়িতে এবং একটি মসজিদে হামলা ও লুটপাট চালিয়েছে। যে পাঁচ জনের বাড়িতে লুটপাট ও হামলা চালানো হয়, তারা হচ্ছে, আহমদ আলী মোল্লা, দাউদ মোড়ল, ওদুদ শেখ, আবু বক্কর ও আউয়ুব আলী।
ধর্ম পরিবর্তনে রাজি না হওয়ায় ওই রাতে অপহরণ করা হয় বুলবুল আহমেদ নামে একজনকে। মঙ্গলবার তাকে নানা হয়রানির পর মুক্তি দেওয়া হয়।
এছাড়া সন্ত্রাসীরা ভেটখালী গ্রামে আহমদিয়াদের একটি মসজিদের টিনের চাল খুলে নেয় ও ভাঙচুর করে। মঙ্গলবার সুন্দরবন হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক আব্দুস সালেকসহ আরও এক আহমদিয়াকে সন্ত্রাসীরা অপমান করে।
এদিকে পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হরিনগর বাজারে আরও তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে সেখানে গঠন করা হয়েছে একটি শান্তি রক্ষা কমিটি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুর রহমান বিডিনিউজকে জানান, খতমে নবুয়ত মুভমেন্ট তাদের মঙ্গলবারের লাঠি মিছিলের কর্মসূচি স্থগিত করে। তিনি দাবি করেন, স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।
