গাইবান্ধায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে নির্যাতনের অভিযোগ
গাইবান্ধায় অবসরপ্রাপ্ত একজন অসুস্থ সেনা সদস্যের ওপর সদর থানার ওসি অমানবিক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলশিঘাট গ্রামের বসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদার রহমান সাইদুলের স্ত্রী লাভলী বেগম মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, তাদের দেয়া মামলা গ্রহণ না করে ওসি প্রতিপক্ষের দায়েরকৃত মামলায় তার স্বামীকে গ্রেফতার করে নির্যাতন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, প্রতিবেশিদের সঙ্গে সাইদুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের এক পর্যায়ে প্রতিপক্ষ সন্ত্রাসীদের সহযোগিতায় তাদের বাড়িতে হামলা চালায় এবং দেড় লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি আরও জানান, এ ব্যাপারে সাইদুল থানায় মামলা দায়ের করতে গেলে ওসি মামলা নিতে অস্বীকার করেন। বাধ্য হয়ে তারা ফৌজদারি আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন।
এর তদন্তের দায়িত্ব ওসির ওপর থাকলেও আসামী পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তিনি আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া থেকে বিরত থাকেন। এ অবস্থায় প্রতিপক্ষের দায়েরকৃত একটি মিথ্যা মামলার সূত্র ধরে ওসি নুর আলম শয্যাশায়ী সাইদুলকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে এনে জনসম্মুখে বেদম মারপিট ও গালিগালাজ করে। এরপর আহত অবস্থায় তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।
এ ব্যাপারে ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ‘সামান্য মারপিটে’র কথা স্বীকার করলেও বানোয়াট মামলায় গ্রেফতারের কথা অস্বীকার করেন।
