চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরছেন মেহেরপুরের মুক্তিযোদ্ধা মফেজ উদ্দিন
কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েও জীবন সংগ্রামে হার না মানা মুক্তিযোদ্ধা মফেজ উদ্দিন এখন চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরছেন। কঠিন পরিশ্রম করে কোনও রকমে দিনাতিপাত করছেন তিনি। এখন, জীবনের শেষ বয়সে, তার শরীরে বাসা বেঁধেছে অনেক রোগ।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের সন্তান এবং আনসার বাহিনীর সাবেক সদস্য মফেজ উদ্দিন (৭১) ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী ১২ আনসার সদস্যের এক জন।
এজন্য তিনি গর্বও করেন। কিন্তু, দারিদ্র্যক্লীষ্ট এই মুক্তিযোদ্ধা এখন অভাব অনটনের কারণে দু:সহ জীবন যাপন করছেন।
অস্পষ্ট কণ্ঠে তিনি বিডিনিউজকে বলেন, স্বাধীনতার রজত জয়ন্তীতে সরকার বিনামূল্যে যে ২ বিঘা জমি দিয়েছিল আজও তার দখল তিনি পাননি।
গত ১৫ ডিসেম্বর যুগান্তরের ‘সেই ১২ আনসারকে কেউ মনে রাখেনি’ শিরোনামে খবর প্রকাশ হলে জেলা আনসার-ভিডিপি অফিস থেকে তাকে ১ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এতদিন তিনি খাল বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেছেন।
এখন নানা রোগের কারণে আর পরিশ্রম করতে পারছেন না। অন্যদিকে টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না। স্ত্রী, কন্যারাও অসহায় হয়ে পড়েছে একমাত্র উপার্জনক্ষম মফেজ উদ্দিনের অসুস্থতার কারণে।
মুক্তিযোদ্ধাদের কেউ বা জেলা আনসার-ভিডিপি অফিসের কেউ মফেজ উদ্দিনের কোনও খোঁজ নেয় না।
